প্রথম দেখায় প্রেম—বিষয়টি রোমান্টিক গল্প বা সিনেমায় যতটা পরিচিত, বাস্তব জীবনেও এর অভিজ্ঞতা একেবারে অসম্ভব নয়। বিজ্ঞানীরা বলছেন, কাউকে প্রথম দেখার কয়েক মুহূর্তের মধ্যেই তার প্রতি তীব্র আকর্ষণ তৈরি হতে পারে। এমনকি প্রথম দেখার তীব্র আকর্ষণ কখনো কখনো দীর্ঘস্থায়ী সম্পর্কেও পরিণত হতে পারে। তবে এই অনুভূতির পেছনে শুধু আবেগ নয়, মস্তিষ্কের জটিল কিছু প্রক্রিয়াও কাজ করে।
মজার ব্যাপার হলো, দ্রুত প্রেমে পড়ে আমাদের মন নয়, মস্তিষ্ক। স্নায়ুবিজ্ঞান, মনোবিজ্ঞান ও আচরণবিষয়ক নানা গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করছেন, কীভাবে কাউকে দেখার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তার প্রতি ভালো লাগা তৈরি হতে পারে।
ন্যাশনাল জিওগ্রাফিকের প্রতিবেদনে বলা হয়, রোমান্টিক প্রেম নিয়ে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণাও হচ্ছে। প্রথম দেখায় প্রেম খুব দ্রুত ঘটে বলে এটি নিয়ে গবেষণা করা কিছুটা কঠিন। তারপরও মানুষের প্রেমের শুরুর পর্যায় নিয়ে গবেষণা থেকে বিজ্ঞানীরা ধারণা পেয়েছেন, ওই সময় মানুষের মস্তিষ্ক ও শরীরে কী ঘটে।
গবেষকদের মতে, প্রেমের শুরুতে মস্তিষ্ক ও শরীরে দ্রুত কিছু পরিবর্তন ঘটে। বিশেষ করে ডোপামিন ও অ্যাড্রেনালিনের মতো রাসায়নিকের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারও প্রতি হঠাৎ আকর্ষণ তৈরি হলে মস্তিষ্কের আনন্দ ও পুরস্কার-সম্পর্কিত অংশ সক্রিয় হয়ে ওঠে। ফলে ভালো লাগা, উত্তেজনা কিংবা সেই মানুষটিকে বারবার দেখার ইচ্ছা তৈরি হতে পারে।
শরীরে কেন আসে অদ্ভুত অনুভূতি?
যুক্তরাষ্ট্রের মিসৌরি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানভিত্তিক মনোবিজ্ঞানী স্যান্ড্রা ল্যাংসলাগ বলেন, প্রথম দেখায় প্রেম সম্ভবত খুবই আবেগী একটি ঘটনা। ফলে শরীরে সিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়ে ওঠে। তখন হৃদস্পন্দন বেড়ে যায়। শরীর একটু ঘামতে শুরু করে। শ্বাস দ্রুত হয়। কখনো মুখ লাল হয়ে যেতে পারে। অর্থাৎ শরীরে যেন হঠাৎ খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রস্তুত হয়ে যায়।
এর পেছনে অ্যাড্রেনালিনের ভূমিকা রয়েছে। মস্তিষ্কের হাইপোথ্যালামাস শরীরকে এমন পরিস্থিতির জন্য প্রস্তুত করে, ফলে হঠাৎ মনে হতে পারে বুক ধড়ফড় করছে বা শরীরের মধ্যে অন্যরকম উত্তেজনা তৈরি হয়েছে।
ডোপামিন আমাদের আনন্দের অনুভূতি বুঝতে সাহায্য করে। একই সঙ্গে এটি কোনো ঘটনা দীর্ঘদিন মনে রাখতেও ভূমিকা রাখে। তাই প্রথম দেখার সেই মুহূর্তটি অনেক সময় আমাদের মনে খুব গভীরভাবে গেঁথে যায়।
প্রথম দেখায় কি সত্যিই প্রেম হয়? উত্তরটা জেনে নিন – How to know if you are in love at first sight knowledge story love at first sight why it happens surprising science
মাত্র কয়েক সেকেন্ডেই কীভাবে ভালো লাগা তৈরি হয়?
ন্যাশনাল জিওগ্রাফিকের প্রতিবেদনে বলা হয়, প্রথম দেখায় প্রেমের পেছনে একটি মানসিক ক্ষমতা কাজ করে। সেটি হলো, আমরা খুব অল্প সময়ের মধ্যেই অন্য মানুষ সম্পর্কে ধারণা তৈরি করতে পারি। কারও মুখের অভিব্যক্তি, হাসি, চোখের দৃষ্টি, পোশাক, হাঁটার ধরন কিংবা শরীরের অঙ্গভঙ্গির মতো নানা সংকেত মস্তিষ্ক অল্প সময়ের মধ্যেই বিশ্লেষণ করে।
নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সামাজিক মনোবিজ্ঞানী ওয়েন্ডি গার্ডনারের মতে, মাত্র সাত সেকেন্ডেরও কম সময়ে আমরা অন্য একজন মানুষ সম্পর্কে ধারণা তৈরি করতে পারি। এই ধারণা অনেক তার সঙ্গে মিলেও যায়।
তবে এর অর্থ এই নয় যে কয়েক সেকেন্ডেই একজন মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে পুরোপুরি জানা সম্ভব। বরং এটি হলো একটি তাৎক্ষণিক বা প্রাথমিক ধারণা, যা পরে বদলেও যেতে পারে।
গার্ডনারের ভাষায়, মানুষ আসলে বাইরের বৈশিষ্ট্য দেখে খুব সহজেই প্রভাবিত হয়। আমরা যতই বলি, ‘আমি মানুষের চেহারা দেখি না’, বাস্তবে আমাদের মস্তিষ্ক অন্য মানুষের চেহারা ও আচরণ থেকে নানা সংকেত গ্রহণ করে।
শুধু চেহারাই কি আকর্ষণের কারণ?
সবসময় নয়। প্রথম দেখায় আকর্ষণ তৈরি হওয়ার পেছনে কেবল সৌন্দর্যই কাজ করে না। কখনো কখনো সম্পূর্ণ অপরিচিত দুজন মানুষের ধারণা মিলে যায়। বিশেষ করে যখন তারা মনে করেন, ‘আমরা হয়তো একইভাবে বিষয়টি দেখছি!’
মনোবিজ্ঞানে একে বলা হয় আই-শেয়ারিং।
ধরা যাক, আপনি একটি কফিশপে বসে আছেন। হঠাৎ মজার কিছু ঘটল। হয়তো কারও পোশাক দেখে আপনার হাসি পেল, কিংবা কোনো গান শুনে আপনার ভালো লাগল। আপনি মুচকি হেসে তাকালেন। ঠিক তখনই দেখলেন, কফিশপের অন্য প্রান্তে বসা একজন অপরিচিত মানুষও একই বিষয় দেখে হাসছেন। আপনাদের চোখে চোখ পড়ল।
এই ছোট্ট মুহূর্তটিই দুজন মানুষের মধ্যে এক ধরনের অদ্ভুত সংযোগ তৈরি করতে পারে। মনে হতে পারে, ‘এই মানুষটিও বিষয়টি আমার মতোই দেখছে।’ এমন অনুভূতি অপরিচিত মানুষের মধ্যেও সাময়িকভাবে ঘনিষ্ঠতা ও বোঝাপড়ার অনুভূতি তৈরি করতে পারে।
মনোবিজ্ঞানীরা মনে করেন, এমন মুহূর্ত সাময়িকভাবে একাকীত্বের অনুভূতি কমিয়ে দেয়। আমরা মনে করি, অন্য একজন মানুষ আমাদের বুঝতে পারছেন। ফলে তার প্রতি ভালো লাগা ও বিশ্বাস তৈরি হতে পারে।
গবেষণায় দেখা গেছে, এমন অভিজ্ঞতা পরবর্তী সময়ে মানুষের প্রেমের সম্পর্কে সঙ্গেও যুক্ত হতে পারে।
অর্থাৎ প্রেমের শুরু কখনো বড় কোনো ঘটনা দিয়ে নাও হতে পারে। একটি ছোট্ট হাসি, একই সময়ে একই বিষয়ে আনন্দ পাওয়া কিংবা হঠাৎ চোখে চোখ পড়ে যাওয়া—এমন সামান্য ঘটনাও মানুষের মনে ছাপ ফেলতে পারে।
প্রথম দেখার প্রেম কি টেকে?
এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম দেখায় তীব্র আকর্ষণ তৈরি হওয়া মানেই ভবিষ্যতে সম্পর্ক সফল হবে—এমন নিশ্চয়তা নেই। প্রথম দেখায় কারও প্রতি তীব্র আকর্ষণ তৈরি হওয়া যতই সুন্দর অনুভূতি হোক, তা দিয়ে বোঝা যায় না সম্পর্কটি ভবিষ্যতে সফল হবে কি না।
কারও প্রতি প্রথম মুহূর্তে ভালো লাগা মূলত বাহ্যিক সংকেত ও তাৎক্ষণিক মানসিক প্রতিক্রিয়ার ওপর অনেকটাই নির্ভর করে। কিন্তু দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া, মূল্যবোধের মিল, বিশ্বাস, সম্মান এবং আচরণের সামঞ্জস্য।
তাই প্রথম দেখায় আকর্ষণ তৈরি হওয়া সম্পর্কের সম্ভাব্য সূচনা হতে পারে, কিন্তু সেটিই সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করে না।
প্রথম দেখায় প্রেম হয়তো কয়েক সেকেন্ডেই শুরু হতে পারে, কিন্তু সত্যিকারের ভালোবাসা তৈরি হতে সময় লাগে। প্রথম দেখার আকর্ষণ মানুষকে কাছে আনতে পারে, কিন্তু সময়ের সঙ্গে একজন আরেকজনের চিন্তা, স্বভাব, মূল্যবোধ ও আচরণ সম্পর্কে জানার পরই বোঝা যায় সেই আকর্ষণ কতটা গভীর।
অর্থাৎ প্রেমের প্রথম স্পার্কটি কয়েক সেকেন্ডে জ্বলে উঠতে পারে, কিন্তু সেটিকে ভালোবাসার আলোতে পরিণত করতে সময়, বোঝাপড়া ও যত্ন প্রয়োজন।
বাংলা৭১নিউজ/জেএস




























