শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইকোনমিক করিডোরের প্রস্তাব, তিস্তা মহাপরিকল্পনায় সহযোগিতায় আগ্রহী চীন গুমের শিকার পরিবারের কষ্ট তুলে ধরে আবেগাপ্লুত বিএনপি মহাসচিব সংশোধন হচ্ছে আইন, আধুনিক অস্ত্র পাচ্ছেন মাদক কর্মকর্তারা ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে চিৎকার, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই দাম ঊর্ধ্বমুখী শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত অন্তত ১৮৮, নিখোঁজের সংখ্যা ছাড়াল ৪১ হাজার নকআউটে ব্রাজিলের মুখোমুখি জাপান, মরক্কো খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে

দলবাজি ও গ্রুপিং পরিহার করে দেশ গড়ার আহ্বান ধর্ম উপদেষ্টার

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান উন্নয়ন ও টেকসই সমাজ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, আমাদের প্রত্যেকেরই বিশেষ দলের প্রতি টান থাকতে পারে, কিন্তু দায়িত্ব গ্রহণের সময় অবশ্যই নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও সততা বজায় রাখতে হবে। দেশকে উন্নত করতে হলে দলবাজি ও গ্রুপিংয়ের মানসিকতা পরিহার করতে হবে।

বুধবার বিকেলে রাজধানীর নীলক্ষেতে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)-র অডিটোরিয়ামে প্রজেক্ট ম্যানেজার ও এক্সিকিউটিভদের জন্য আয়োজিত বিশেষ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রশিক্ষণটি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের আওতায় আয়োজন করা হয়।

ড. খালিদ বলেন, স্মরণাতীত কাল থেকে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বিরাজমান। তবে সমাজের কিছু মানুষ নিজেদের স্বার্থ হাসিলের জন্য অশান্তি সৃষ্টি করতে চায়। সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করেছে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের নিরাপত্তা নিশ্চিত করছে। তিনি সবাইকে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে একতা সুসংহত করার আহ্বান জানান।

তিনি আরও উল্লেখ করেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত নারী-শিশুদেরকে উন্নয়নের মূল স্রোতধারায় আনা হচ্ছে। মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের পাশাপাশি মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের মাধ্যমে নৈতিক ও আধুনিক শিক্ষা দেওয়া হচ্ছে। প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

এ অনুষ্ঠানে এনএপিডি মহাপরিচালক (সিনিয়র সচিব) সিদ্দিক জোবায়ের সভাপতিত্ব করেন। এছাড়া উপস্থিত ছিলেন এনএপিডি অতিরিক্ত মহাপরিচালক সায়মা আফরোজ এবং উপপরিচালক ও কোর্স পরিচালক আবেদা সুলতানা।

পাঁচদিনব্যাপী প্রশিক্ষণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আর্থসামাজিক অবকাঠামো বিভাগ, আইএমইডি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালকসহ মোট ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, জিওবির অর্থায়নে ৩৬৫ কোটি টাকা ব্যয়ে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় দেশের ৭৪০০টি মন্দিরে প্রাক-প্রাথমিক, বয়স্ক ও শিশু শিক্ষাকেন্দ্র পরিচালিত হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com