চিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) শিগগিরই দাখিল করা হবে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে যুবদল কর্মী কাউসার হত্যা মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার-সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, ‘অপ্রতিম হত্যা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সর্বোচ্চ আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন বা চার্জশিট দাখিল করা হবে।’
এর আগে গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান।
পরিবারের তথ্য অনুযায়ী, মায়ের আইফোন দিয়ে ছবি তুলতে বের হয়ে আর বাসায় ফেরেনি সে। ওই রাতেই তার বাবা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
অপ্রতিম কুমিল্লার কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ জানিয়েছে, তার সঙ্গে থাকা আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশেই তাকে হত্যা করা হয়। এ ঘটনায় মোট চারজন জড়িত বলে তদন্তে উঠে এসেছে। তাদের শনাক্ত করে আটক করে পুলিশ। পরে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে সিয়াম ছাড়া বাকি তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আসামিদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)-এ পাঠানো হয়েছে। অপর দুই আসামি বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তারা হলেন মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯) এবং মো. সিয়াম (১৮)।
বাংলা৭১নিউজ/আরএইচ






















