জয়পুরহাটের আক্কেলপুরে আতাহার আলী (৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) ভোরে জয়পুরহাটের আক্কেলপুর মহিলা কলেজের দক্ষিণ পাশে ২৭৬ নম্বর রেলসেতুর ওপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত আতাহার আলী উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের কানুপুর গ্রামের মৃত দশরত মিয়ার ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে থাকতেন। পরিবারের অন্য সদস্যরা ঢাকায় থাকেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে প্রাতর্ভ্রমণে বের হওয়া লোকজন রেলসেতুর ওপর মরদেহটি পড়ে থাকতে দেখে।
পরে স্থানীয়রা আক্কেলপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষকে বিষয়টি জানায়।
স্থানীয় বাসিন্দা আব্দুল মোমিন বলেন, ভোরে হাঁটতে বের হয়ে রেলসেতুর ওপর বৃদ্ধের মরদেহ দেখতে পাই। রাতে কোনো একসময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
কানুপুর গ্রামের বাসিন্দা রতন চন্দ্র বলেন, আতাহার আলী আমার প্রতিবেশী।
কয়েক দিন আগে চিকিৎসার জন্য ছেলে-মেয়ের কাছে ঢাকায় গিয়েছিলেন তিনি। আতাহার বাড়ি ফিরছিলেন জানিয়ে তার মেয়ে ফোন করে আমাকে জানিয়েছিলেন। তার বাড়ির চাবি আমার কছেই রেখে গিয়েছিলেন। আক্কেলপুর স্টেশনে নেমে রেললাইন ধরে হেঁটে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন। সকালে খবর পেয়ে এসেছি।
আক্কেলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু সাঈদ বলেন, মহিলা কলেজের দক্ষিণ পাশে ২৭৬ নম্বর রেলসেতুর ওপর ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। শনিবার ভোর ৫টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আপ দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর স্টেশন ছেড়ে যায়। ওই ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দিন বলেন, খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ


























