
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোনায়েদ সাকি সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শুকরানা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার দশানী গ্রামে বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন স্থানীয় ওলামায়ে কেরাম।
বাঞ্ছারামপুর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় এবং মো. সেলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, আইয়ূবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, উপজেলা উলামা দলের সদস্য সচিব ক্বারী ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ অভি, কৃষকদল নেতা মো. কামাল, গণসংহতি আন্দোলনের নেতা মো. মামুন ও বিএনপি নেতা মো. আব্দুর রশিদসহ অনেকে।
বক্তারা মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলেন, অশেষ রহমতে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। দীর্ঘ প্রায় ১৭ বছর পর দলটি সরকার গঠনের পথে এগিয়ে যাওয়ায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, জনগণের প্রত্যাশা পূরণে নবনির্বাচিত প্রতিনিধিরা দায়িত্বশীল ভূমিকা রাখবেন।
বক্তারা আরও বলেন, বাঞ্ছারামপুরের মাটি ও মানুষের নেতা জোনায়েদ আব্দুর রহিম সাকি বিপুল ভোটে বিজয়ী হওয়ায় উপজেলাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। তাঁর নেতৃত্বে এলাকায় উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্যখাতে অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক সম্প্রীতি আরও জোরদার হবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ, নতুন সরকারের সফলতা এবং নবনির্বাচিত সংসদ সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বাংলা৭১নিউজ/এবি