সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ, ঘাটতি ২ লাখ কোটি টাকা যানজট কমাতে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোল যায়নি: তথ্যমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল-সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা করল ইইউ ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী অনগ্রসর এলাকায় শিক্ষার সুযোগ পৌঁছালে সুপ্ত প্রতিভা বিকশিত হবে: জুবাইদা রহমান ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল, নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা

‘তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক অগ্রযাত্রায় গতি সঞ্চার করবে’

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক অগ্রযাত্রায় গতি সঞ্চার করবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আশা প্রকাশ করেন।

আসিফ মাহমুদ লিখেছেন, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে স্বদেশের মাটিতে প্রত্যাবর্তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে স্বাগতম।
 
‘এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার ঘরে ফেরা নয়—এটি গণতন্ত্র ও মানুষের প্রত্যাশার সঙ্গে যুক্ত এক ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ সময় দেশের বাইরে থেকেও তিনি নিজ দল, দেশ ও জনগণের সঙ্গে আত্মিক ও আদর্শিকভাবে যুক্ত থেকেছেন।’

আসিফ মাহমুদ আরও লিখেছেন, আশা করি, তার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় নতুন গতি সঞ্চার করবে। দেশের জন্য, মানুষের জন্য আপনার পথচলা হোক সফল ও কল্যাণকর।

এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুকে লিখেছেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একজন বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ ভূমিতে ফেরার এই অধিকারটি পুনরুদ্ধার হওয়া আমাদের গণতান্ত্রিক লড়াইয়েরই একটি ইতিবাচক প্রতিফলন। 

‘তারেক রহমান এবং তার পরিবার রাজনৈতিক ভিন্নমতের কারণে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়েছিলেন এবং তাকে দীর্ঘ সময় নির্বাসিত থাকতে হয়েছে। হাজারো শহীদের রক্তদানের মধ্য দিয়ে গণ-অভ্যুত্থানের ফলে এমন প্রেক্ষাপট তৈরি হয়েছে যেখানে তিনি ও তার পরিবার দেশে ফিরে আসতে পেরেছেন।’

নাহিদ ইসলাম আরও লিখেছেন, আমরা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী বাংলাদেশ রাষ্ট্র চাই যেখানে ভবিষ্যতে ভিন্নমতের কারণে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের যাতে রাষ্ট্রীয় দমন-পীড়নের মধ্য দিয়ে যেতে হবে না। 

‘​বিগত দেড় দশকের অবরুদ্ধ রাজনৈতিক পরিবেশ ভেঙে আমরা আজ যে মুক্ত বাংলাদেশের পথে হাঁটছি, সেখানে প্রতিটি নাগরিকের আইনের শাসন ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।’

এনসিপির আহ্বায়ক আরও লিখেছেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে আরও সুসংহত করবে বলে আমরা বিশ্বাস করি। ​নতুন রাজনৈতিক বাস্তবতায় সহাবস্থান এবং সুস্থ প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ। 

এ সময় তারেক রহমানকে স্বদেশে স্বাগত জানিয়ে নাহিদ বলেন, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে তার এই অংশগ্রহণ ফলপ্রসূ হোক।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com