নোয়াখালীর হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ১৬ শিক্ষার্থী। পরে তাদের মধ্যে ১৩ জনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রাথমিক চিকিৎসা শেষে বিকেলে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায় তারা।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তমরদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ হওয়া সবার বাড়ি তমরদ্দি জোড়খালী গ্রামে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টায় বিদ্যালয়টির নিয়মিত পাঠদান শুরু হয়।
প্রায় এক ঘণ্টা পর হঠাৎ সপ্তম শ্রেণির চারজন ছাত্রী অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলে তারা সুস্থ হয়ে ওঠে। এর কিছুক্ষণ পর দশম শ্রেণির একজন শিক্ষার্থীসহ ষষ্ঠ ও সপ্তম শ্রেণির আরো ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের মধ্যে ১৩ জনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
জোড়খালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দিন জানান, ১৩ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। স্যালাইন শেষ হলে তারা বাড়িতে ফিরে যায়। তবে কী কারণে শিক্ষার্থীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
হাতিয়া উপজেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাহেসা আকতার জানান, স্যালাইন শেষ হওয়ার পর সবাই বাড়ি ফিরে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রেণিকক্ষে কোনো ঝাঁজালো গন্ধের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়তে পারে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
বাংলা৭১নিউজ/আরএইচ























