
ঢাকার দুটিসহ দেশের পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে চব্বিশের জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
ঢাকা দক্ষিণে প্রার্থী করা হয়েছে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। উত্তর সিটি করপোরেশনে আরিফুল ইসলাম আদীব। কুমিল্লা সিটি করপোরেশনে অ্যাডভকেট তরিকুল ইসলাম, রাজশাহীতে মোবাশ্বের আলী। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি মনোনিত প্রার্থী অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল।
স্থানীয় সরকার নির্বাচন পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে বলে বিএনপি সরকার ইতোমধ্যে ঘোষণা দিয়েছে। তবে শুরুতে ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। সিটি করপোরেশন নির্বাচনের কথা এই মুহূর্তে ভাবছে না বিএনপি। সিটি করপোরেশনগুলোতে দলটির নেতাদের প্রশাসক পদে বসানো হয়েছে। এই অবস্থায় সবার আগে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করল এনসিপি।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, সরকার এরই মধ্যে বিভিন্ন সিটিতে প্রশাসক নিয়োগ দিয়ে প্রশাসনকে দলীয়করণ করে ফেলেছে। নির্বাচনে প্রশাসকদের মধ্যে কেউ প্রার্থী হতে পারবে না। কোনো দলীয় প্রতীকে নির্বাচন করা যাবে না। আগামী ছয় মাসের মধ্যে সকল স্থানীয় সরকার নির্বাচন শেষ করার দাবি জানান নাহিদ ইসলাম।
বাংলা৭১নিউজ/জেএস