সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফরে যাওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ইসরাত জাহান।
রংপুরের জেলা প্রশাসক জানিয়েছেন, প্রধানমন্ত্রীর রংপুর সফরে একটি পূজামণ্ডপ পরিদর্শনে করার কথা রয়েছে। এ জন্য নগরীর শ্রীশ্রী করুণাময়ী কালিমন্দির, ধর্মসভা ও গুপ্তপাড়া মন্দির প্রস্তুত করা হচ্ছে। তবে প্রধানমন্ত্রী কোন মন্দিরে যাবেন, তা এখনো নিশ্চিত হয়নি।
সফর সূচি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন। এরপর প্রধানমন্ত্রী রংপুর জেলার নগরীর রাধা গোবিন্দ মন্দিরের (ধর্মসভা) উদ্দেশে রওনা দেবেন। বেলা ১১টার দিকে তিনি ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পরিদর্শন করবেন। এরপর তিনি আবার সৈয়দপুর বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পাশাপাশি নেতাদের মধ্যে সমন্বয় জোরদার, সাংগঠনিক প্রস্তুতি এবং স্থানীয় পর্যায়ে ঐক্য প্রতিষ্ঠার বিষয়গুলো সমাধানের উদ্যোগের কথা জানা গেছে।
জেলা বিএপির দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় নগরীর মেট্রোপলিটন কোতোয়ালি থানার সামনে ‘তিলোত্তমা হোটেলে’ এক জরুরি সভা আহ্বান করেছে।
সভায় রংপুর জেলা বিএনপির আওতাধীন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
শ্রী শ্রী দুর্গা মন্দির গুপ্তপাড়া রংপুর সভাপতি সুব্রত সরকার মুকুল বলেন, ‘আমরা এখনও প্রশাসনের পক্ষ থেকে কোনো চিঠি পাইনি। তবে এসএসএফ ও এনএসআই পরিদর্শন করে গেছেন। আমরাও প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি গুরুত্বসহ দেখছি।’
রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে এখানকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেশের মধ্যে এটি একটি বিরল ঘটনা ঘটতে যাচ্ছে যে প্রধানমন্ত্রী রাজধানীর বাইরে শারদীয় উৎসব দেখতে দেশের প্রত্যন্ত অঞ্চলে আসছেন।’
বাংলা৭১নিউজ/আরএইচ

























