রাজনৈতিক বিক্ষোভ প্রতিরোধে কন্টেইনার দিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অবরুদ্ধ করার ঘটনায় চরম বিপাকে পড়েছেন দেশটির সাধারণ মানুষ ও পরিবহন ব্যবসায়ীরা। বিরোধীদের মিছিল আটকাতে সরকার শহরের বিভিন্ন রাস্তায় হাজার হাজার ভারী কন্টেইনার বসিয়ে পুরো শহর বন্ধ করে দিয়েছে।
এর ফলে একদিকে যেমন পরিবহন ব্যবসার কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে, অন্যদিকে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন রাস্তায় আটকে থাকা চালকেরা।
কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর রাজধানী অভিমুখে পদযাত্রা ঠেকাতে সরকার শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে প্রায় ১,৫০০ থেকে ২,০০০ কন্টেইনার বসিয়েছে। এর ফলে স্থানীয় তরুণদের মধ্যে রসিকতা করে শহরটিকে ‘কন্টেইনারবাদ’ ডাকার প্রবণতা তৈরি হলেও, বাস্তবে এটি এক মারাত্মক সংকট তৈরি করেছে।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পুলিশের বাজেয়াপ্ত করা এসব কন্টেইনার ও লরির কারণে আটকা পড়েছেন অসংখ্য চালক ও পরিবহন ব্যবসায়ী।
অল পাকিস্তান গুডস ট্রান্সপোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন দাবি করেছে, পুলিশ অবৈধভাবে গাড়িগুলো আটকে রেখেছে এবং তাদের প্রতিদিনের আয়-ক্ষতির কোনো ক্ষতিপূরণ দিচ্ছে না। এমনকি বিদেশি শিপিং লাইনের কন্টেইনার আটকে থাকায় প্রতিদিন বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার জরিমানাও গুনতে হচ্ছে।
অন্যদিকে, সরকার এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে যে, চুক্তিভিত্তিক ও নিয়ম মেনেই কন্টেইনার ভাড়া করা হয়েছে এবং যথাসময়ে অর্থ পরিশোধ করা হবে।
তবে কেবল কন্টেইনার ভাড়াই নয়, সড়ক অবরোধের কারণে ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও সাধারণ মানুষের যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
রাজনৈতিক এই অচলাবস্থার কারণে অর্থনীতির ব্যাপক ক্ষতির পাশাপাশি রাজধানীর পুরো জনজীবন এখন এক অনিশ্চিত স্থবিরতার মুখোমুখি।
বাংলা৭১নিউজ/আরএইচ























