বিশ্বের সর্বোচ্চ রেলসেতুতে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে বন্দে ভারত এক্সপ্রেস চালিয়ে নতুন মাইলফলক অর্জন করেছে ভারত। জম্মু-কাশ্মীরের ১১১ কিলোমিটার দীর্ঘ কাটরা-বানিহাল রেলপথে ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৭৫ থেকে বাড়িয়ে ১০০ কিলোমিটার করা হয়েছে।
সম্প্রতি এ সেকশনে গতি বৃদ্ধির মহড়া সফলভাবে সম্পন্ন হওয়ার কথা জানিয়েছেন ভারতের রেলওয়ের কর্মকর্তারা।
উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগ প্রকল্পের আওতাধীন কাটরা-বানিহাল সেকশনে সব নিরাপত্তা শর্ত পূরণ করার পর সর্বোচ্চ গতিসীমা বাড়ানোর অনুমোদন দেয় রেল মন্ত্রণালয়। এই অনুমোদনের পর ট্রেনের সফল মহড়া চালানো হয়। গতি পরীক্ষার সময় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি চেনাব নদীর ওপর নির্মিত বিশ্বের সর্বোচ্চ রেলসেতু এবং দেশটির প্রথম কেবল-স্টেয়েড আঞ্জি সেতু ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে অতিক্রম করে।
উল্লেখ্য, পীর পাঞ্জাল ও হিমালয়ের কঠিন পার্বত্য ভূখণ্ডের মধ্য দিয়ে যাওয়া এই কাটরা-বানিহাল রেলপথটি প্রকৌশলবিদ্যার একটি বড় নিদর্শন। এতে ৩৩টি টানেল বা সুড়ঙ্গ এবং একাধিক উঁচু সেতু রয়েছে। রেল কর্তৃপক্ষের মতে, গতিসীমা বৃদ্ধির ফলে এই রুটে যাতায়াতের সময় বেশ কমে আসবে এবং কাশ্মীর উপত্যকার সঙ্গে মূল ভারতের রেল যোগাযোগ আরো দ্রুত ও আরামদায়ক হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ
























