রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় বুধবার ভোরে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন।
কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
রয়টার্স জানায়, কিয়েভ নগর সামরিক প্রশাসন টেলিগ্রামে জানিয়েছে, রাজধানী কিয়েভে হামলায় দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। মেয়র ভিতালি ক্লিৎসকো বলেছেন, হামলার পর আগুন ছড়িয়ে পড়ে। এতে ব্যক্তিগত বাড়ি, একটি দোকান ও একটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী শহরে বিস্ফোরণের শব্দ শুনেছেন। কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে লিখেছেন, এলাকাটিতে রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় একটি শিশু নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন। হামলায় অবকাঠামো, বাড়িঘর, গুদাম ও গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রতিবেশী দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য রোমানিয়া ও পোল্যান্ড রাশিয়ার ইউক্রেন হামলার মধ্যে নিজেদের আকাশসীমা রক্ষায় সামরিক যুদ্ধবিমান পাঠিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সামারা অঞ্চলে ব্যক্তিগত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অঞ্চলটি তেল উৎপাদন ও পরিশোধনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এটি মস্কোর দক্ষিণ-পূর্বে সড়কপথে প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। সামারা অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ ফেদোরিশচেভ সামাজিক যোগাযোগমাধ্যম ভিকে-তে এ তথ্য জানিয়েছেন।
রয়টার্স তাৎক্ষণিকভাবে এসব প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি।
বাংলা৭১নিউজ/আরএইচ


























