কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার ৪২৮টি ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে এসআরবি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এসআরবি-৭ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার কুসাখালী এলাকার মৃত নূরুল হকের ছেলে মো. জসিম উদ্দিন (৫০) ও তাঁর স্ত্রী রিমা বেগম (৩৫)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার থেকে যাত্রীবাহী বাসে করে ইয়াবার একটি চালান চট্টগ্রাম শহরের দিকে নেওয়া হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে পটিয়া উপজেলার কমল মুন্সীর হাটের দক্ষিণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেখানে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর সময় ‘তিশা প্লাটিনাম’ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় যাত্রীবেশে থাকা জসিম উদ্দিন ও রিমা বেগমের আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁদের আলাদাভাবে তল্লাশি করা হয়।
একপর্যায়ে তাঁদের কোমরে কালো স্কচটেপে মোড়ানো প্যাকেট পাওয়া যায়। পরে প্যাকেটগুলো খুলে ছয়টি ইয়াবার পোটলা উদ্ধার করা হয়। এসব পোটলায় মোট ২ হাজার ৪২৮টি ইয়াবা ট্যাবলেট ছিল।
এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি চালানো হয়।
এ সময় যাত্রীবেশে থাকা ওই দম্পতিকে আটক করে তল্লাশি করলে তাঁদের কাছ থেকে ২ হাজার ৪২৮টি ইয়াবা পাওয়া যায়।
তিনি বলেন, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৭ লাখ ৩০ হাজার টাকা। গ্রেপ্তার দুজন ও উদ্ধার করা মাদক পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, এসআরবি-৭ গ্রেপ্তার দুজনকে থানায় হস্তান্তর করেছে। উদ্ধার করা ইয়াবা নিয়ে নিয়মিত মামলা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
একই সঙ্গে চালানটির উৎস, গন্তব্য এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলা৭১নিউজ/আরএইচ






















