সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোর ওপর ইরান-সমর্থিত হুতি বাহিনীর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। রবিবার (১৩ সেপ্টেম্বর) সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে আলাপকালে তিনি এই নিন্দা জানান এবং সৌদি নেতৃত্ব ও জনগণের প্রতি পাকিস্তানের পূর্ণাঙ্গ সংহতি প্রকাশ করেন।
টেলিফোন আলাপে শেহবাজ শরিফ বলেন, হুতি হামলা শুধু আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্যই হুমকি নয়, এটি বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহকেও মারাত্মক ঝুঁকিতে ফেলবে। এ ছাড়া সংঘাত নিরসনে তিনি সৌদি যুবরাজের বিচক্ষণ নেতৃত্বের প্রশংসা করেন। জবাবে যুবরাজ মোহাম্মদ বিন সালমান আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের অটল সমর্থনের কথা স্বীকার করে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সম্প্রতি সৌদি আরব ও তুরস্কের সঙ্গে ত্রিপক্ষীয় ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষরের পর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি ভূখণ্ডে হামলা চালালে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শুরুতে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন।
তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধে সরাসরি জড়ালে নিজস্ব নিরাপত্তাঝুঁকি তৈরি হওয়া এবং প্রতিবেশী ইরানের সঙ্গে সম্পর্কের বিষয়টি মাথায় রেখে পাকিস্তান দ্রুতই অবস্থান স্পষ্ট করে জানায়—চুক্তিটি শুধু আত্মরক্ষামূলক, তাই সরাসরি যুদ্ধে নামার কোনো বাধ্যবাধকতা তাদের নেই। সরাসরি সামরিক সহায়তা থেকে পাকিস্তানের এই পিছু হটায় রিয়াদের সঙ্গে তৈরি হওয়া সম্ভাব্য ভুল বোঝাবুঝি দূর করতে এবং কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক রাখতেই মূলত প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সৌদি যুবরাজকে ফোন করে সার্বিক সমর্থনের কথা জানিয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদনে জানা গেছে, আগামী ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন শেহবাজ শরিফ। সেই গুরুত্বপূর্ণ বৈঠকের মাত্র কয়েক দিন আগেই সৌদি যুবরাজের সঙ্গে এই সৌহার্দ্যপূর্ণ ফোনালাপ হলো, যা ওয়াশিংটন ও রিয়াদের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ভারসাম্য রক্ষায় ইসলামাবাদের জন্য একটি বিশেষ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি ইয়েমেনের যুদ্ধ পরিস্থিতি আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। হুতি বাহিনী লোহিত সাগরের গুরুত্বপূর্ণ মোখা বন্দর এবং বাব এল-মানদেব প্রণালির কাছের একটি দ্বীপ দখল করে নেওয়ায় বৈশ্বিক নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এতে করে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ চরম আকার ধারণ করেছে।
বাংলা৭১নিউজ/আরএইচ
























