জাভা সাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ২৪৩ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়ে গেছে ইন্দোনেশিয়ার একটি যাত্রীবাহী জাহাজ।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে দক্ষিণ কালিমানথান প্রদেশের রাজধানী বানজারমাসিনের উদ্দেশে রওনা হয়েছিল জাহাজটি।
স্থানীয় সময় শনিবার সকাল ১০টা ১৩ মিনিটে সুরাবায়া বন্দর ত্যাগ করে এটি। তবে প্রতিকূল আবহাওয়ার মধ্যে জাহাজটির সঙ্গে অপারেটরদের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
অপারেটর কম্পানির পক্ষ থেকে বিপদ সংকেত পাওয়ার পরপরই উদ্ধারকারী দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করেছে। বানজারমাসিন অনুসন্ধান ও উদ্ধার অফিসের প্রধান আই পুতু সুদায়ানা এক ভিডিও বার্তায় জানান, জাহাজটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখে পড়েছে—এমন বার্তা পাওয়ার পর অপারেটর কোম্পানি তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রশাসনকে অবহিত করে।
বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, জাভা সাগরে বানজারমাসিনের একটি জেটি থেকে প্রায় ১৪৮ কিলোমিটার (৯২ মাইল) দূরে থাকার সময় জাহাজটি থেকে শেষবারের মতো অবস্থান সংক্রান্ত সংকেত পাওয়া গিয়েছিল।
নিখোঁজদের সন্ধানে এরই মধ্যে বানজারমাসিনের বাসিরিহ সার্চ অ্যান্ড রেসকিউ জেটি থেকে উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে। জাহাজে বহুসংখ্যক যাত্রী থাকায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সমস্ত জনবল ও সরঞ্জাম মাঠে নামানো হয়েছে বলে জানান সুদায়ানা। কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে সার্বক্ষণিক আবহাওয়া পর্যবেক্ষণের পাশাপাশি অনুসন্ধান চালানো হচ্ছে।
এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহত কিংবা কোনো যাত্রীর খোঁজ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা যায়নি।
প্রায় ১৭ হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত ইন্দোনেশিয়ায় চলাচলের জন্য ফেরি ও যাত্রীবাহী জাহাজ অত্যন্ত জনপ্রিয়, কারণ বিমানে ভ্রমণের চেয়ে নৌপথ সেখানে অপেক্ষাকৃত সস্তা ও সহজলভ্য। তবে নৌপথের দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারির অভাবে দেশটিতে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটে।
বাংলা৭১নিউজ/আরএইচ























