ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর ১১ জন ভারতীয় নাবিকের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে একজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘জিএফএস গ্যালাক্সি’তে হামলার ঘটনায় ভারত উদ্বেগ প্রকাশ করছে। জাহাজে থাকা ১১ জন ভারতীয়র মধ্যে ১০ জন নিরাপদে উদ্ধার হলেও একজনের খোঁজ এখনো পাওয়া যায়নি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিখোঁজ নাবিককে উদ্ধারে ওমানের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।
হামলায় জাহাজটিতে আগুন ধরে যায় এবং বড় ধরনের ক্ষতি হয়। পরে ক্রু সদস্যরা জাহাজ ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হন। ইরান দাবি করেছে, অনুমোদনহীন পথে চলাচল করায় জাহাজটিতে হামলা চালানো হয়েছে।
এদিকে, হামলার পর ইরান হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আরও কঠোর করে। এর জেরে যুক্তরাষ্ট্রও ইরানের বিরুদ্ধে নতুন দফায় সামরিক হামলা চালায়। এতে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বেড়েছে।
ভারত এ ঘটনাকে ‘গভীর উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছে। দেশটি অবিলম্বে উত্তেজনা কমানো এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে।
ভারত আরও বলেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোর ওপর হামলা বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালিতে অবাধ ও নিরাপদ নৌ-চলাচল দ্রুত পুনরুদ্ধার করতে হবে।
এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জাহাজে হামলার জবাবে তারা অন্তত তিন দফা হামলা চালিয়েছে। সেন্টকমের দাবি, হামলায় একজন বেসামরিক নাবিক নিখোঁজ হয়েছেন এবং জাহাজটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেটি আর যাত্রা চালিয়ে যেতে পারবে না।
সর্বশেষ এই সংঘাতের আগে ইরান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীরা হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে বৈঠক করেছিলেন। তবে এরপরও ইরানের জাহাজে হামলা এবং যুক্তরাষ্ট্রের পাল্টা অভিযানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।
সূত্র: এনডিটিভি
বাংলা৭১নিউজ/এসএএইচ




























