রাজধানীর উত্তরায় ২২ এপ্রিল একটি ভর দুপুরে বাবার সামনে থেকেই ছিনিয়ে নেয়া হয় স্কুল শিক্ষার্থী মেয়েকে। এই অপহরণের ৯ দিনের মাথায় ঘটনার মূলহোতাকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে গাজীপুরের পুবাইল এলাকা থেকে অভিযুক্ত লামীন ইসলামকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আসামি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার রায়েরদিয়া (উলুখোলা) এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভিকটিম (১৪) উত্তরার একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। গত ২২ এপ্রিল দুপুর আড়াইটার দিকে স্কুলের পরীক্ষা শেষে বাবার সঙ্গে বাসায় ফেরার পথে উত্তরা পূর্ব থানাধীন সেক্টর-৬ এর একটি সড়কে পৌঁছালে লামীন ইসলামসহ ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তি জোরপূর্বক তাকে প্রাইভেটকারে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের বাবা মো. কামরুজ্জামান উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৩, তারিখ ২৩ এপ্রিল ২০২৬; নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারায় মামলা রুজু করা হয়।
মামলা দায়েরের পর তদন্তভার দেওয়া হয় এসআই ফরিদুজ্জামানের ওপর। পরবর্তীতে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনারের দিক নির্দেশনায় এবং এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনারের সহায়তায় উত্তরা পূর্ব থানার একটি দল অভিযান চালায়।
তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটে গাজীপুর মহানগরের পুবাইল থানাধীন পদহারা বাইদ সাকিনস্থ কফু মার্কেট এলাকা থেকে মূল আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত ভিকটিমকেও উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025