ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল আসা শুরু হয়েছে। দেশটির নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে এই জ্বালানি তেল পাম্পিং করা হচ্ছে।
মঙ্গলবার (২৮এপ্রিল) রাত ৮টার দিকে পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল পাম্পিং শুরু হয়। সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে সমুদয় ডিজেল পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
পার্বতীপুর রেলহেড পিওএল ডিপোতে অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও পাঁচ হাজার টন ডিজেল আমদানি করা হচ্ছে। কোনো ধরনের সমস্যা না হলে বৃহস্পতিবারের রাতের মধ্যে এই পাম্পিং শেষ হবে। চলতি এপ্রিল মাসে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে চার দফায় মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে বলেও জানান তিনি।
ভারত থেকে ডিজেল আমদানির এই প্রক্রিয়াকে একটি চলমান কাজ বলে উল্লেখ করেছেন ডিপোর এই কর্মকর্তা। তিনি জানান, বর্তমানে পার্বতীপুর ডিপোতে পর্যাপ্ত পরিমাণে ডিজেল মজুত রয়েছে এবং জ্বালানি বিতরণের সার্বিক কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে।
উল্লেখ্য, গত মার্চ মাসে এই ডিপোতে পাইপলাইনের মাধ্যমে মোট ২২হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হয়েছিল।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025