কয়েকদিনের টানা বৃষ্টিপাতে দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর নদ-নদীর পানি দ্রুত বাড়তে থাকায় সিলেট অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনের ভারী বৃষ্টিপাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পাঠানো বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রধান নদী-সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই ও জুড়ি-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে পানি বিপৎসীমা অতিক্রম না করলেও আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা প্রাক-মৌসুমি বিপৎসীমা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পার্থ প্রতীম বড়ুয়া জানিয়েছেন, মঙ্গলবার সকাল পর্যন্ত কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি, তবে দ্রুত পানি বাড়ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
একইসঙ্গে ধনু-বাউলাই ও ভুগাই-কংস নদীর পানিও বাড়তে পারে, যার প্রভাবে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার কিছু এলাকায় পানি সতর্ক সীমা ছুঁতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় আগামী তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবেই নদীগুলোর পানি দ্রুত বাড়ছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল পর্যন্ত শ্রীমঙ্গলে সর্বোচ্চ ১৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে সিলেটে ১২৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা থাকায় জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ১২৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী শনিবার (২ মে) পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বাংলা৭১নিউজ/এআর
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025