সিলেটে পরিবহন শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টার পর থেকে কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় থেমে থেমে কয়েক দফা এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কয়েকটি বাস ও কাউন্টার ভাঙচুর করা হয়েছে।
পরে বিকেল চারটায় সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, সুনামগঞ্জের জগন্নাথপুর রুটে চলাচলকারী পরিবহন শ্রমিক ইউনিয়নের এক নেতা মারা যাওয়ার পর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে স্থান না পাওয়া মোহাম্মদ শাহজাহানের পক্ষের শ্রমিকরা জোরপূর্বক কার্যালয় দখলের চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়।
এর জেরে জকিগঞ্জ রুটের শ্রমিকরা জগন্নাথপুর রুটের কয়েকজন শ্রমিককে মারধর করে। এক পর্যায়ে অন্য রুটের শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টা থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, ব্যক্তিগত বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। পরে তা বিভিন্ন রুটের শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ বাধে। পুলিশ ঘটনাস্থলে থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছিলো না। পরে সেনাবাহিনী পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল ইসলাম জানান, শ্রমিক সংগঠনের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বাংলা৭১নিউজ/এসএএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025