জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশে আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার রোববার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতে মেয়াদের শেষ পর্যায়ে থাকা স্টেফান লিলার বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে ইউএনডিপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশের সাধারণ নির্বাচনে ৫৮ লাখ নতুন ভোটার নিবন্ধনসহ বিভিন্ন কারিগরি সহায়তা দিতে ইউএনডিপির ভূমিকার জন্য ধন্যবাদ জানান।
একই সঙ্গে তিনি সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ ভিশন বাস্তবায়নে সহায়তার জন্য ইউএনডিপির প্রতি আহ্বান জানান এবং জনগণের প্রত্যাশিত আর্থসামাজিক লক্ষ্য অর্জনে সংস্থাটির সঙ্গে সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।
শামা ওবায়েদ ইসলাম সুশাসন, বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু কার্যক্রম ও অভিযোজন, দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ইউএনডিপির অবদানের প্রশংসা করেন।
তিনি বিশেষ করে বাংলাদেশে প্রযুক্তির সমন্বিত ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নৈতিক ব্যবহার নিশ্চিত করা এবং ভুয়া তথ্য ও বিভ্রান্তিমূলক প্রচারণা মোকাবিলায় ইউএনডিপিকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, সার্কের প্রবক্তা হিসেবে বাংলাদেশ সংগঠনটির কার্যক্রম পুনরুজ্জীবিত করতে আগ্রহী। তিনি সার্কভুক্ত দেশগুলোতে ইউএনডিপির ‘ইয়াং পলিটিক্যাল ডেলিগেটস’ কর্মসূচি সম্প্রসারণ এবং নারী উদ্যোক্তাদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন।
বৈঠকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ-সংক্রান্ত বিষয়েও ইউএনডিপির সঙ্গে চলমান সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়।
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025