বিভিন্ন রকমের জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে কয়েকটি জাহাজ। এখন কোনোটিতে চলছে খালাস কার্যক্রম, আবার কোনো কোনোটি বহির্নোঙরে অপেক্ষমাণ।
জেট ফুয়েল নিয়ে চীনা পতাকাবাহী ‘শিং তং ৭৯৯’ নামের জাহাজটি শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। এ ছাড়া ডিজেল নিয়ে আসা দু’টি বড় জাহাজ থেকেও ডলফিন জেটিতে খালাস চলছে।
শনিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দক্ষিণ কোরিয়া থেকে ৩৪ হাজার ৬৬৭ টন জেট ফুয়েল নিয়ে ভিড়েছে শিং তং ৭৯৯ নামের চীনা পতাকাবাহী একটি জাহাজ। দৈনিক আড়াই হাজার টন চাহিদা হিসেবে এই জেট ফুয়েল দিয়ে চলা যাবে প্রায় ১৪ দিন।
তিনি জানান, এরআগে গত ১৪ এপ্রিল সিঙ্গাপুর থেকে ১১ হাজার টন প্লেনের জ্বালানি জেট ফুয়েল (জেট এ-১) নিয়ে বন্দরে এসেছিল ‘এমটি গ্রেট প্রিন্সেস’ ট্যাংকারটি। ১০ দিনের মাথায় দক্ষিণ কোরিয়া থেকে ৩৪ হাজার ৬৬৭ টন জেট ফুয়েল নিয়ে এল ট্যাংকারটি। সব মিলে জ্বালানি তেল নিয়ে আপাতত সংকটের আশঙ্কা নেই।
স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম বলেন, জেট ফুয়েল নিয়ে জাহাজটি বহির্নোঙরে আসার পরপরই লাইটারিং কার্যক্রম শুরু হয়েছে। ওজন কমিয়ে ড্রাফট (জাহাজের পানির নিচের অংশ) বন্দর জেটিতে আনার উপযোগী হলেই কাল বা পরশু জাহাজটি নিয়ে আসা হবে জেটিতে।
এছাড়া বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তাইওয়ান থেকে ৩৩ হাজার ৪০০ টন ডিজেল নিয়ে বন্দরের বহির্নোঙরে ভিড়েছে পাকিস্তানি পতাকাবাহী ট্যাংকার ‘এমটি কোয়েটা’। শুক্রবার ভোর ৫টার দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ৩৫ হাজার ৫৫ টন ডিজেল নিয়ে ভিড়েছে পানামার পতাকাবাহী ট্যাংকার প্রিভে অ্যাঞ্জেল।
তিনি আরও বলেন, বর্তমানে বহির্নোঙরে চারটি জাহাজ অপেক্ষমাণ আছে। জাহাজ ওভার-সাইজ হওয়ায় বন্দরের ডলফিন জেটিতে ভেড়ানো সম্ভব হচ্ছে না। কুতুবদিয়া এঙ্করেজে ছোট সাইজের মাদার ভেসেল দিয়ে লাইটারিং করা হচ্ছে। আবার মাত্র দু’টি জেটিতে বার্থিং হওয়ায় এর বেশি মাদার ভেসেল বার্থ করা সম্ভব হচ্ছে না। তবে, যত দ্রুত সময়ে জ্বালানি খালাস করা যায় সেই প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন নজরুল ইসলাম।
বিপিসি সূত্রে জানা গেছে, পরিশোধিত ডিজেল, অকটেন নিয়ে আসা বেশ কয়েকটি জাহাজ বন্দর জেটি ও বহির্নোঙরে অবস্থান করছে। গুরুত্বের সঙ্গে ডিজেল লাইটারিং ও ডলফিন জেটিতে খালাস করা হচ্ছে। ইস্টার্ন রিফাইনারি পিএলসির জন্য ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে গত ২১ এপ্রিল সৌদির স্থানীয় সময় রাত ৩ টায় (বাংলাদেশের সকাল ৬টা) ইয়ানবু বন্দর থেকে যাত্রা শুরু করেছে। অবস্থানগত কারণে জাহাজটিকে হরমুজ প্রণালী পার হতে হচ্ছে না।
বাংলা৭১নিউজ/জেএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025