ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে না নিলে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা এগোবে না। শনিবার (২৫ এপ্রিল) জাতিসংঘের জেনেভা কার্যালয়ে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি বাহরেইনি এমন বিবৃতি দিয়েছেন।
জাতিসংঘের জেনেভা দপ্তরে দায়িত্ব পালনরত এই কূটনীতিক জানান, এই অবরোধ যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন এবং এমন পরিস্থিতিতে আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয়।
বিবিসি রেডিও ৪-এর ‘ওয়ার্ড অ্যাট ওয়ান’ অনুষ্ঠানে তিনি বলেন, ইরান কেবলমাত্র সময়ক্ষেপণের জন্য আলোচনায় বসতে চায় না। যে কোনো কূটনৈতিক প্রক্রিয়া অবশ্যই আন্তরিকতার ভিত্তিতে হতে হবে।
যুক্তরাষ্ট্রকে ‘বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি’ গ্রহণের আহ্বান জানিয়ে আলি বাহরেইনি বলেন, ইরানের অধিকার স্বীকার এবং যৌক্তিক দাবিগুলো বিবেচনায় নেওয়া ছাড়া অর্থবহ আলোচনা সম্ভব নয়।
পারমাণবিক অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির অভিযোগ এনে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ‘অপারেশন এপিক ফিউরি’ নামের এই অভিযানে ইরানের সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক অবকাঠামোতেও হামলা চালানো হয়। পরে ইরানের ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ।
১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনা হলেও দীর্ঘমেয়াদি সমাধানে কোনো সমঝোতা হয়নি। এই আলোচনা বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।
ইরানের লিগাল মেডিসিন অর্গানাইজেশন সংস্থার তথ্য মতে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যৌথবাহিনীর হামলায় ৩ হাজার ৩৭৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। এছাড়া এই যুদ্ধে ইরানে ২৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025