
টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’-এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকালে আদালত প্রাঙ্গণে ফলক উন্মোচন ও ফিতা কেটে ‘ন্যায়কুঞ্জ’-এর উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ন্যায়কুঞ্জের রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশনা দিয়ে বলেন, “আদালতে আগত বিচারপ্রার্থীদের মধ্যে নারীদের যেন অগ্রাধিকার ভিত্তিতে বিশ্রামাগার ব্যবহারের সুযোগ দেওয়া হয়।
অনেক সময় আদালতে আগতরা টয়লেট বা ওয়াশরুম ব্যবহারে বিড়ম্বনায় পড়েন—ন্যায়কুঞ্জ সেই কষ্ট অনেকটাই লাঘব করবে। যে উদ্দেশ্যে এটি নির্মাণ করা হয়েছে, সবার সহযোগিতায় তা সফল হবে বলে আমি আশা করি।”
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. কাওসার আহমেদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. জহুর আজহার খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রতন, জেলা জজ কোর্টের পিপি শফিকুল ইসলাম রিপনসহ আদালতের বিচারক, আইনজীবী ও কর্মকর্তারা।
জানা গেছে, ন্যায়কুঞ্জে রয়েছে মিনি কনফেকশনারি, পুরুষ ও নারীদের জন্য পৃথক টয়লেট, মাতৃদুগ্ধ পান কেন্দ্র, ক্যান্টিন এবং বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য পর্যাপ্ত আসনের ব্যবস্থা।
বাংলা৭১নিউজ/এবি