চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মঙ্গলবার এক লাখ টনেরও বেশি ডিজেল ও অকটেন বহনকারী তিনটি ট্যাংকার পৌঁছেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একজন কর্মকর্তা।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ, অতিরিক্ত দায়িত্ব) ফারজিন হাসান মৌমিতা বলেন, ‘জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় রয়েছে। সেগুলো ধীরে ধীরে জেটিতে ভিড়বে এবং শিগগিরই জ্বালানি খালাস করা হবে।’
তিনি আশা প্রকাশ করে বলেন, এ জাহাজগুলো থেকে জ্বালানি খালাসের মাধ্যমে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে।
বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও পরিচালনা) মোহাম্মদ জাহিদ হোসাইন বলেন, জ্বালানিবাহী ট্যাংকারগুলোর মধ্যে এমটি লিয়ান সং হু প্রায় ৪১ হাজার টন ডিজেল এবং এমটি প্যাসিফিক ইন্ডিগো প্রায় ৩৩ হাজার টন ডিজেল নিয়ে ভারত থেকে এসেছে এবং এমটি নাভ সিয়েলো প্রায় ২৭ হাজার টন অকটেন নিয়ে তাইওয়ান থেকে এসেছে।
এছাড়া, গত ১৯ দিনে বিপিসি তিনটি স্থানীয় বেসরকারি কোম্পানি থেকে ১৫ হাজার ১৭০ টন অকটেন সংগ্রহ করেছে। এর মধ্যে সুপার পেট্রো পিএলসি সর্বাধিক ১১ হাজার ৬১৫ টন অকটেন সরবরাহ করেছে বলে জানান মৌমিতা।
এদিকে সোমবার ডলফিন জেটিতে আরও দু’টি ট্যাংকার থেকে জ্বালানি খালাস শুরু হয়েছে। এমটি ওকট্রি প্রায় ৩৫ হাজার টন ডিজেল এবং এমটি কেপ বনি প্রায় ৩৩ হাজার টন ডিজেল নিয়ে এসেছে।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025