অস্ট্রেলিয়ায় বর্তমানে প্রায় ২৮ হাজার বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে—এমন তথ্য তুলে ধরে দুই দেশের মধ্যে শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের এক সৌজন্য বৈঠকে এসব বিষয় উঠে আসে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠান সচল রাখা, নতুন শিল্প স্থাপন এবং কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার।’
তিনি জানান, প্রায় ৭ বিলিয়ন ডলারের সম্পদ সমৃদ্ধ শিল্প খাতকে কার্যকর করে উৎপাদনমুখী করা সরকারের অন্যতম লক্ষ্য। এসময় বাংলাদেশে সৌর বিদ্যুৎ উৎপাদন খাতে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান মন্ত্রী।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার বলেন, ‘দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বর্তমানে প্রায় ৫ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলার, যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। জ্বালানি—বিশেষ করে নবায়নযোগ্য খাতে—বাংলাদেশে বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।
এ লক্ষ্যে অস্ট্রেলিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সবুজ জ্বালানি, উদ্ভাবন ও প্রযুক্তি সহযোগিতার সুযোগ পর্যালোচনা করছে।’
তিনি আরও জানান, অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত প্রায় ২৮ হাজার বাংলাদেশি শিক্ষার্থী দেশটির সঙ্গে বাংলাদেশের শিক্ষা-সম্পর্ককে আরও শক্তিশালী করেছে এবং এটিকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত করেছে।
বৈঠকে উভয়পক্ষ বাণিজ্য, শিক্ষা ও বৃত্তি কার্যক্রম সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন এবং অবকাঠামো খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করে। এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএম
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025