কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের অদূরে সমুদ্র এলাকা থেকে মিয়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই একটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। বোট থেকে প্রায় ৮৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা।
সোমবার (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।
আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (১৯ মে) আনুমানিক রাত ১১টায় সেন্টমার্টিন লাইটহাউজ থেকে প্রায় ১২ মাইল দূরে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোট শনাক্ত করে নৌবাহিনীর টহলরত জাহাজ ‘সমুদ্র অভিযান’। তৎক্ষণাৎ নৌবাহিনী জাহাজ কাঠের বোটের অবস্থানে পৌঁছে ‘এফবি আব্দুর রহমান-২’ নামক বোটটিকে আটক করে।
এ সময় আটক করা বোটে তল্লাশি করে ৮৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়। এ ছাড়া অভিযানে পাচারের সঙ্গে সংশ্লিষ্ট ১১ জন ব্যক্তিকে আটক করা হয়। বোটসহ জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫১ লাখ টাকা।
আইএসপিআর আরও জানায়, জব্দ করা বোট, উদ্ধার করা সিমেন্ট এবং আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ পাচার প্রতিরোধ এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
বাংলা৭১নিউজ/এনি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025