২০২৬ বিশ্বকাপ ঘিরে ব্রাজিলিয়ান ফুটবলে বাড়ছে হতাশা ও অনাগ্রহ। সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে, অধিকাংশ ব্রাজিলিয়ানই মনে করছেন আসন্ন বিশ্বকাপে শিরোপা জয়ের সম্ভাবনা নেই ব্রাজিলের।
ব্রাজিলের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক গবেষণা সংস্থা ‘জেনিয়াল/কুয়েস্ট’-এর প্রকাশিত জরিপ অনুযায়ী, ৬৮ শতাংশ ব্রাজিলিয়ান বিশ্বাস করেন, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবার ট্রফি জিততে পারবে না। ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই জরিপে ফুটবল নিয়ে এতটা নেতিবাচক মনোভাব এর আগে দেখা যায়নি, যা এটিকে সর্বোচ্চ হতাশার রেকর্ডে পরিণত করেছে।
শুধু শিরোপা সম্ভাবনাই নয়, বিশ্বকাপ ঘিরে সাধারণ মানুষের আগ্রহও কমে গেছে উল্লেখযোগ্যভাবে। জরিপে অংশ নেওয়া ৫৪ শতাংশ মানুষ জানিয়েছেন, বিশ্বকাপ নিয়ে তাদের মনে কোনো ‘উত্তেজনা নেই’। মাত্র ১২ শতাংশ মানুষ এবারের আসর নিয়ে ‘খুবই রোমাঞ্চিত’। এছাড়া ৩২ শতাংশ জানিয়েছেন, তারা খুব একটা রোমাঞ্চ অনুভব করছেন না।
জরিপটি পরিচালিত হয় গত ১০ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত। এতে অংশ নেন ২ হাজার ৪ জন, যাদের সবার বয়স কমপক্ষে ১৬ বছর। সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে সংগৃহীত এই তথ্যকে গবেষণাভিত্তিক এবং নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করা হয়।
ব্রাজিলের বিভিন্ন অঞ্চলেও এই হতাশার প্রতিফলন দেখা গেছে। দক্ষিণ, দক্ষিণ-পূর্ব, উত্তর-পূর্বসহ প্রায় সব অঞ্চলের মানুষের মধ্যেই বিশ্বকাপ নিয়ে প্রত্যাশা কমে যাওয়ার প্রবণতা স্পষ্ট।
এদিকে দলের পারফরম্যান্স নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ইতালিয়ান কোচের অধীনে এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে জয় এসেছে ৫টিতে, ড্র ২টি এবং হার ৩টি জয়ের হার ৫৬ শতাংশ।
জরিপে দেখা গেছে, আনচেলত্তির পারফরম্যান্সে সন্তুষ্ট ৪১ শতাংশ ব্রাজিলিয়ান। তার কাজে অসন্তোষ প্রকাশ করেছেন ২৯ শতাংশ, আর ৩০ শতাংশ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
আসন্ন বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া এই আসরে ‘সি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।
বাংলা৭১নিউজ/এসএএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025