ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হতে মনোনয়নপত্র তুলেছেন টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ রুকাইয়া জাহান চমক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকারেও অংশ নিয়েছেন তিনি। কিন্তু কোন আসন থেকে দাঁড়াচ্ছেন এই অভিনেত্রী?
জানা গেছে চমকের শ্বশুরবাড়ি কুষ্টিয়া। জেলার খোকসা উপজেলা থেকে নারী সংসদ হিসেবে মনোনয়ন নিয়েছেন তিনি। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন এই অভিনেত্রী। সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েছে বিএনপি। গতকাল শুক্রবার বিকেলে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা। সাক্ষাৎ শেষে উচ্ছ্বসিত দেখা যায় চমককে।
এ ব্যাপারে জানতে চাইলে চমক বলেন, ‘আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। সে জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।’ তিনি আরও জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে তার। দলের পক্ষ থেকে ইতিবাচক সাড়াও পেয়েছেন তিনি। চমক বলেন, ‘আমি শতভাগ আশাবাদী।’
অসমর্থিত সূত্রে জানা গেছে, চমকের ব্যাপারে ইতিবাচক বিএনপি। তবে এ নিয়ে এখনই বিস্তারিত বলতে নারাজ অভিনেত্রী। তিনি বলেন, ‘দল যে সিদ্ধান্ত নিক, সেটাই আমি ইতিবাচকভাবে গ্রহণ করবো।’
মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকার শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী লিখেছেন, ‘নতুন জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।’ অনুরাগী ও অনুসারীদের বিশ্বাস, বিএনপি থেকে এমপি হওয়ার সবুজ সংকেত পেয়ে গেছেন চমক!
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে যে তারকারা ছিলেন দেশ ও ছাত্র-জনতার পক্ষে, চমক তাদের অন্যতম। এ কারণে পরাজিত পক্ষের উপহাস, আক্রোশ, হুমকি ও সুনামক্ষুন্নসহ নানান ভোগান্তির মধ্যদিয়ে যেতে হয় অভিনেত্রীকে। ক্যারিয়ারের পাশাপাশি সেসব সহ্য করে এগিয়ে গেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি কনটেন্ট বানানো চালিয়ে যাওয়া চমক এখন অপেক্ষা করছেন সংসদে যাওয়ার।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025