চাঁদপুরে ১১ বছরের শিশুকে লঞ্চের কেবিনে নিয়ে ধর্ষণের অভিযোগে নাসির উল্লাহ বাহাদুর নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১-এর উপ-পরিচালক সাদমান ইবনে আলম।
গ্রেপ্তার নাসির উল্লাহ বাহাদুর চাঁদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর এলাকার নিয়ামত উল্লাহ বেপারীর ছেলে।
র্যাব-১১ জানায়, শিশুটি একটি মহিলা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। আসামি নাসির উল্লাহ ওই মাদ্রাসার পূর্বের শিক্ষক ছিলেন। সেই সুবাদে তাদের মধ্যে পূর্ব পরিচয় ছিল। গত ২৫ মার্চ বিকেলে পুরান বাজার রনাগোয়াল এলাকায় ঘুরতে বের হলে নাসির উল্লাহ শিশুটিকে নতুন মাদ্রাসা দেখানোর কথা বলে ফুসলিয়ে চাঁদপুর লঞ্চ ঘাটে নিয়ে যান। তিনি শিশুটিকে ঢাকাগামী একটি লঞ্চে তুলে পরোটা, ডিম ও কফি খাওয়ান। তারপর লঞ্চের একটি কেবিনে নিয়ে তাকে ধর্ষণ করেন।
ঢাকায় পৌঁছানোর পর শিশুটিকে একটি হোটেলে নিয়ে গোসল করান এবং তার পরিহিত কাপড় ধুয়ে আলামত নষ্ট করার চেষ্টা করেন। সেখান থেকে তারা পুনরায় লঞ্চযোগে চাঁদপুর ফেরার জন্য রওনা হন। এ সময় নাসির উল্লাহ শিশুটিকে লঞ্চে রেখে কৌশলে পালিয়ে যান। গ্রেপ্তার আসামি জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে এ ঘটনায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
র্যাব-১১ জানায়, শিশুটির নানী বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন। মামলা নং-১১৯, তারিখ-৩০-৩-২০২৬ ইং। যার ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭/৯(১)। পরে আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদরের ষোলঘর বিটি রোড আব্বাসিয়া জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025