আফগানিস্তানের হেরাত প্রদেশে একটি পিকনিক স্পটে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শুরুতে চারজনের মৃত্যুর খবর এলেও পরে গুরুতর আহত আরও সাতজন মারা যান।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, পশ্চিমাঞ্চলীয় হেরাতের ইনজিল জেলার দেহ মেহরি গ্রামের কাছে শুক্রবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা সশস্ত্র ব্যক্তিরা হঠাৎ গুলি চালায়। সাধারণত শুক্রবারে ওই বিনোদনকেন্দ্রে মানুষের ভিড় বেশি থাকে।
হেরাতের এক চিকিৎসক জানান, নিহত ব্যক্তিরা সবাই শিয়া মুসলিম। তারা একটি স্থানীয় মাজার এলাকায় পিকনিক করতে গিয়েছিলেন।
হেরাতে তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রাদেশিক প্রধান আহমাদুল্লাহ মুত্তাকি বলেন, স্থানীয় সময় বেলা তিনটার দিকে সাধারণ মানুষের ওপর এ হামলা চালানো হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে চারটি মরদেহ এবং দুই নারীসহ ১৫ জন আহত ব্যক্তিকে হেরাত আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বলেন, হামলার স্থানটি শিয়া অধ্যুষিত এলাকা এবং সেখানে একটি শিয়া মাজার রয়েছে, যেখানে প্রতিদিন বহু মানুষ সমবেত হয়।
এদিকে নিরাপত্তা বাহিনী এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
আফগানিস্তানে সংখ্যালঘু শিয়া মুসলিমরা অতীতেও একাধিকবার হামলার শিকার হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আফগানিস্তান, হেরাত হামলা, পিকনিক স্পট হামলা, শিয়া মুসলিম, আন্তর্জাতিক সংবাদ, সন্ত্রাসী হামলা, আফগান নিরাপত্তা, বিশ্ব খবর, ব্রেকিং নিউজ
সূত্র: বিবিসি
বাংলা৭১নিউজ/এসএএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025