যুক্তরাষ্ট্র এবং ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কিছুক্ষণ আগেই ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় আট বছর বয়সী এক শিশুসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ইরাকি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।
মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর ইরানে মার্কিন স্বার্থ এবং ইরানপন্থি গোষ্ঠী উভয়কেই লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। দুই স্থানীয় কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, মঙ্গলবার কুয়েত সীমান্তের কাছে দক্ষিণ ইরাকে এক হামলায় অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
বসরার প্রাদেশিক পরিষদের সদস্য থায়ের আল-সালহি বলেন, প্রত্যক্ষদর্শীদের মতে, খোর আল-জুবায়ের শহরে একটি বাড়িতে বিমান থেকে বোমা ফেলা হয়েছে।
প্রতিবেশীরা জানিয়েছেন, বাড়িটিতে পাঁচজন বাস করতেন — তিনজন পুরুষ, একজন নারী ও একটি শিশু। কিন্তু এখন পর্যন্ত কেবল তিনটি মৃতদেহ পাওয়া গেছে।
এক নিরাপত্তা কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, খোর আল-জুবাইরের একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তিনি জানিয়েছেন, কুয়েত থেকে এসব হামলা চালানো হয়েছে।
এর কয়েক ঘণ্টা পর, বিক্ষোভকারীরা বসরায় কুয়েতি দূতাবাসে হামলা চালানোর চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
এএফপিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে বাগদাদে একটি ক্ষেপণাস্ত্র তাদের বাড়িতে আঘাত হানলে আগুন লেগে যায় এবং এতে আট বছর বয়সী এক শিশুসহ দুজন নিহত হন।
সূত্র অনুসারে, ইরাকি রাজধানীর পশ্চিমাঞ্চলীয় আমিরিয়া জেলায় একজন নারীসহ আরও তিনজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এর আগে একজন নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানিয়েছিলেন যে, আমিরিয়া জেলার একটি বাড়িতে রকেট এসে পড়েছে।
ইরাকি কুর্দিস্তানে ইরান থেকে আসা একটি ড্রোন একটি বাড়িতে বিধ্বস্ত হলে এক দম্পতি নিহত হয়েছেন বলে মঙ্গলবার ভোরে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
এরবিলের গভর্নর ওমেদ খোশনাও এক ফেসবুক পোস্টে বলেছেন, এই বেসামরিক নাগরিকদের মৃত্যু ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং একটি যুদ্ধাপরাধের’ সমতুল্য।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025