দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠন ও শক্তিশালী করার লক্ষ্যে তিন দিনের সফরে দিল্লি গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে তিনি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এসময় পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। মরিসাসের পোর্ট লুইসে ইন্ডিয়ান ওশেন কনফারেন্সে যোগদানের আগে দুই দিন তিনি ভারত সফর করছেন। তার সফরসঙ্গী হিসেবে গিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
দায়িত্ব গ্রহণের পর এটি খলিলুর রহমানের প্রথম ভারত সফর, যেখানে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
সীমান্ত হত্যা বন্ধ, গঙ্গার পানি চুক্তি, ভিসা পরিষেবা স্বাভাবিক করা, বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা এবং বাণিজ্য বৃদ্ধি করা পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য।
সফরের কূটনৈতিক গুরুত্বও রয়েছে। সরকার পরিবর্তনের পর এটিই প্রথম উচ্চপর্যায়ের কূটনৈতিক সফর, যা ভারত ও বাংলাদেশের সম্পর্কের ‘রিসেট’ বা নতুন সমীকরণ হিসেবে দেখা হচ্ছে।
জানা গেছে, দিল্লি সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার (৯ এপ্রিল) মরিশাসে অনুষ্ঠিতব্য ‘ইন্ডিয়ান ওশেন কনফারেন্সে’ যোগ দিতে সরাসরি মরিশাসে যাবেন।
বাংলা৭১নিউজ/জেএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025