বাবার অপেক্ষায় বাড়ির সামনে নিরবে দাঁড়িয়ে আছে নিশান মণ্ডল (৭) ও সৃজন মণ্ডল (৫)। ছোট্ট দু’টি চোখে অনিশ্চয়তা আর দীর্ঘ অপেক্ষার ছায়া। তারা অপেক্ষা করছে তাদের বাবা মিলন মণ্ডলের জন্য—যিনি আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।
এই কোমল বয়সেই বাবাহীনতার শূন্যতা যেন তাদের মুখে স্পষ্ট। আশপাশের মানুষ সান্ত্বনা দিলেও তা তাদের গভীর কষ্ট লাঘব করতে পারছে না। বর্তমানে তাদের দেখভালের জন্য নির্দিষ্ট কেউ নেই বলেও জানা গেছে।
জানা যায়, শুক্রবার (৩ এপ্রিল) রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সিংগা পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্বপ্না বাড়ৈ (২৬)। তিনি ওই এলাকার দিনমজুর মিলন মণ্ডলের স্ত্রী।
নিহতের বাবা পরেশ বাড়ৈ কাশিয়ানী থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করলে পুলিশ মিলন মণ্ডলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় নয় বছর আগে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কুমুরিয়া গ্রামের পরেশ বাড়ৈর মেয়ে স্বপ্না বাড়ৈর সঙ্গে কাশিয়ানীর সিংগা গ্রামের নিরোধ মণ্ডলের ছেলে মিলন মণ্ডলের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই স্বপ্না মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তাকে খুলনায় এবং পরে এলাকাবাসীর সহযোগিতায় পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কিছুদিন সুস্থ থাকলেও আর্থিক সংকটের কারণে গত তিন মাস ধরে নিয়মিত চিকিৎসা ও ওষুধ বন্ধ থাকায় তিনি আবার অসুস্থ হয়ে পড়েন।
অভিযোগ রয়েছে, ঘটনার রাতে সন্তানদের ঘরে রেখে স্বপ্না নিজ কাপড় গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন।
নিহতের বাবা পরেশ বাড়ৈ দাবি করেন, তার মেয়ের ওপর মানসিক চাপ প্রয়োগ করা হতো এবং স্বামীর সঙ্গে পারিবারিক কলহ ছিল। এমনকি স্বামীর অনৈতিক সম্পর্কের অভিযোগও তোলেন তিনি।
অন্যদিকে প্রতিবেশী উন্নতি মণ্ডল জানান, দীর্ঘদিন ধরেই স্বপ্না মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এলাকাবাসীর সহায়তায় তার চিকিৎসা করা হয়েছিল।
রবিবার (৫ এপ্রিল) কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025