পঞ্চগড়ে আকস্মিক ঝড়ে গাছ ওপড়ে বসতঘরের ওপর পড়ে চাকাতি বালা (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের চাঁনপাড়া এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।
এছাড়া, উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ঘাটিয়ারপাড়া এলাকায় ঝড়ের সময় বসত ঘরের উপর পাশের চারতলা নির্মাণাধীন বাসার দেয়াল ধসে ময়নুল ইসলাম (৫০) ও তার স্ত্রী খুকুমনী (৩৮) আহত হয়েছেন। অন্যদিকে ঝড় ও শিলাবৃষ্টিতে জেলার আটোয়ারী এবং বোদা উপজেলায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।
শুক্রবার রাত প্রায় ১২টার দিকে হালকা বৃষ্টিপাত শুরু হলেও সময়ের সাথে সাথে ঝড়ের তীব্রতা বেড়ে যায়। ঝড়ের সাথে শুরু হয় বজ্রপাত। গভীর রাতে ঝড় ভয়াবহ রূপ ধারণ করলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় চাকাতি বালা নিজ বসতঘরে একাই অবস্থান করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড ঝড়ো হাওয়ার তোড়ে বাড়ির পাশে থাকা একটি বড় সড়কজিয়া গাছ হঠাৎ উপড়ে গিয়ে সরাসরি ঘরের ওপর আছড়ে পড়ে। এতে ঘরটি মুহূর্তেই দুমড়েমুচড়ে যায় এবং চাকাতিবালা গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগ না পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের ছেলে হরেণ চন্দ্র বলেন, “ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে গাছটি পড়ার পরপরই আমরা কেউ ঘর থেকে বের হতে পারিনি। ঝড় থামার পর গিয়ে দেখি মা গাছের নিচে চাপা পড়ে আছেন। পরে তার মরদেহ উদ্ধার করি।”
ঘটনার পরপরই সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন।এসময় তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা, চাল ও শুকনা খাবার তুলে দেন।
অন্যদিকে ব্যাপক ঝড় ও শিলাবৃষ্টিতে জেলার বোদা ও আটোয়ারী উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টির কারণে ঘর বাড়ি সহ ফশলের ব্যাপক ক্ষতি হয়েছে।
জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর,ধামোর,বলরামপুর,তোড়েয়া, নোদা উপজেলার সদর, ঝলইশালশিড়ি,ময়দানদিঘী,বেংহারী,চন্দনবাড়ি এবং পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়েছে কয়েকটি গ্রাম। গত রাতের ১১ টায় শুরু হওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে উড়ে গেছে টিনের চালা,ফুটো হয়েছে টিন, ভেঙ্গে গেছে গাছপালা, নষ্ট হয়েছে একর একর জমিতে থাকা লাউ,ভুট্টা,মরিচ,বাদাম বোরোসহ নানা ফসল। ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ,জেলা প্রশাসন ও কৃষি বিভাগ।
আবহাওয়া অফিস জানিয়েছে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময় ২৫ থেকে ৩০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়। আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার দীপা মনি দেবী জানান ইতোমধ্যে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী শুরু করেছে প্রশাসন। ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বাংলা৭১নিউজ/এসএএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025