ঈদের আগে ঘরমুখো মানুষের যাতায়াতের শেষ দিন শুক্রবার (২০ মার্চ)। তবে এদিন সকাল থেকেই রাজধানীর ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপস্থিতি ছিল একেবারেই কম। অনেক ট্রেনই অর্ধেক যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে যাচ্ছে।
শুক্রবার সকালে দেশের প্রধান এই স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাংলাদেশ রেলওয়ে বরাবরই ২৯ রমজান হিসাব করে ট্রেনের টিকিট বিক্রি করে। এবারও সেই হিসেবে বৃহস্পতিবার (১৯ মার্চ) পর্যন্ত টিকিট বিক্রি করা হয়েছিল। পরে চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের পর ওইদিন সন্ধ্যায় ২০ মার্চ এবং ঈদের পরের দিন ২২ মার্চের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়। তবে ঈদের দিন ২১ মার্চ দেশে কোনো আন্তঃনগর ট্রেন চলবে না, তাই ওই দিনের টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে।
স্টেশনে গিয়ে দেখা যায়, ১৯ মার্চ যে সংখ্যক যাত্রীর সমাগম ছিল, আজ তার চারভাগের এক ভাগও নেই। টিকিট কাউন্টারের সামনেও তেমন কোনো জটলা নেই। যাত্রী কম থাকলেও আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল যথেষ্ট। প্ল্যাটফর্মে প্রবেশের সময় যাত্রীদের টিকিট পরীক্ষা করে দেখছেন টিটিইরা।
এ ছাড়া বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়েই প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে। বৃহস্পতিবার ট্রেনে উঠতে ধাক্কাধাক্কির ঘটনা দেখা গেলেও আজ পুরো কোচই প্রায় ফাঁকা দেখা গেছে।
এদিকে পর্যাপ্ত যাত্রী না থাকা এবং দীর্ঘ বিলম্বের কারণে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ।
জামালপুর এক্সপ্রেসের যাত্রী তাসলিমা স্বর্ণা বলেন, ট্রেনের টিকিট না পাওয়ায় ঈদযাত্রায় হুড়োহুড়ির মধ্যে যাওয়ার আগ্রহ কম ছিল। তবে যেহেতু বেশ কিছুদিন ছুটি আছে এবং কাল রাতে টিকিট পেয়েছি, তাই আজ যাত্রা শুরু করেছি। ট্রেনে তেমন ভিড় নেই, মনে হচ্ছে আমরা অল্প কয়েকজন যাত্রী নিয়েই যাচ্ছি। হয়তো পথে আরও কিছু যাত্রী উঠবেন।
একই ট্রেনের আরেক যাত্রী রাশেদ মাহমুদ বলেন, শেষ দিনে এসে এমন ফাঁকা স্টেশন আগে দেখিনি। ভিড়ের ভয় ছিল, কিন্তু এখন যাত্রাটা অনেক স্বস্তির মনে হচ্ছে। সময়মতো ট্রেনগুলো ছাড়ায়ও স্বস্তি লাগছে। আজকের যাত্রাটা সত্যিই সুন্দর হবে।
ঢাকা রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, কখনো ২৯, আবার কখনো ৩০ রোজা পূর্ণ হয়ে ঈদুল ফিতর উদযাপিত হয়। সরকারি-বেসরকারি অফিসও সাধারণত ২৯ রোজা ধরে ছুটি নির্ধারণ করে। তাই বাংলাদেশ রেলওয়েও একই হিসেবে টিকিট বিক্রি করে। যেহেতু আজকের টিকিট বৃহস্পতিবার সন্ধ্যায় ছাড়া হয়েছে, সে কারণে স্টেশনে যাত্রী সংখ্যা কম দেখা যাচ্ছে।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025