পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ছুটির প্রথম দিনে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে দেশের প্রধান নদীবন্দর সদরঘাটে। রাজধানীবাসীর ঈদযাত্রা নিরাপদ রাখতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘাট এলাকায় তল্লাশি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। যাত্রীদের মালামাল ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করতে দেখা গেছে কোস্ট গার্ড সদস্যদের।
মঙ্গলবার (১৭ মার্চ) সরেজমিনে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় ঘুরে দেখা যায়, ঘরমুখো যাত্রীদের ভিড় বাড়ছে। রাজধানীর যানজট এড়াতে অনেকেই আগেভাগে ঘাটে এসে উপস্থিত হয়েছেন। কেউ লঞ্চের টিকিট সংগ্রহ করছেন, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে নির্ধারিত সময়ে লঞ্চে ওঠার অপেক্ষায় ঘাট এলাকায় অবস্থান করছেন।
ঘাটের প্রবেশপথ এবং লঞ্চে ওঠার আগে যাত্রীদের ব্যাগ ও মালামাল তল্লাশি করতে দেখা যায় কোস্ট গার্ড সদস্যদের। সন্দেহজনক কিছু পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের পাশাপাশি নৌ-পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
এদিকে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, চাঁদপুরসহ স্বল্প দূরত্বের যাত্রীরা নির্দিষ্ট লঞ্চে করে নিজ নিজ গন্তব্যে রওনা হচ্ছেন। আর বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীরা আগেভাগেই এসে টিকিট নিশ্চিত করছেন।
সংশ্লিষ্টরা জানান, ঈদকে কেন্দ্র করে সদরঘাটে যাত্রীদের চাপ আরও বাড়বে। তাই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘাট এলাকায় নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়েছে।
কোস্ট গার্ডের এক কর্মকর্তা জানান, ঈদযাত্রাকে নিরাপদ রাখতে নিয়মিত টহলের পাশাপাশি ঘাট এলাকায় বিশেষ তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। যাতে কোনো ধরনের নাশকতা, অবৈধ পণ্য পরিবহন বা নিরাপত্তা ঝুঁকি তৈরি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের চাপ আরও বাড়তে পারে। এজন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার রাখার প্রস্তুতি রয়েছে।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025