ফরিদপুর শহরে সড়কের ওপর একটি মেহগনি গাছ ভেঙে পড়ার ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের নীলটুলি মহল্লায় অবস্থিত ফরিদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের একতলা ভবনের পেছনে অবস্থিত গাছটি মুজিব সড়কে তিনটি ইজিবাইকের ওপর পড়ে। তবে সৌভাগ্যক্রমে ইজিবাইকের কোনো যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেনি।
জানা গেছে, ফরিদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের একতলা ভবনের পেছনে একটা দেয়াল ছিল। দেয়ালটা পুরাতন হয়ে যাবার কারণে তা ভেঙে ফেলা হয়েছে এবং সেখানে বর্তমানে নতুন করে এখানে দেওয়াল নির্মাণের কাজ চলছে। দেয়াল নির্মাণের জন্য গাছের গোড়া থেকে মাটি সরিয়ে ফেলা হয়।
ফলে আজ সকালে দেওয়াল নির্মাণের কাজ করার সময় গাছের গোড়া হাল্কা হয়ে যাবার কারণে গাছটি তিনটি ইজিবাইকের ওপর পড়ে যায়। এই তিন ইজিবাইক চালক হলেন- তুষার ব্যাপারী, চুন্নু ব্যাপারী ও মামুন মিয়া।
ইজিবাইক চালক মামুন মিয়া বলেন, বেলা ১১টার দিকে যাত্রী নিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই গাছটি আমারটাসহ পাশের আরও দুইটি ইজিবাইকের ওপর ভেঙে পড়ে। এতে আমার এবং চুন্নু ব্যাপারীর ইজিবাইকের ছাদ ভেঙে ব্যাপক ক্ষতি হয়। পাশাপাশি তুষার ব্যাপারীর ইজিবাইকেরও ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে কিছুটা। আমাদের ইজিবাইকের ক্ষতি হলেও যাত্রী বা আমাদের চালকদের কিছুই হয়নি।
ফরিদপুর ফায়ার সার্ভিসের জেষ্ঠ্য স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, মেহগনি গাছটি আনুমানিক ৩০ থেকে ৩৫ ফুট লম্বা ছিল। পুরু ছিল ৫ থেকে ৬ ফুট। গাছটি সড়কের ওপর পরে ইজিবাইক ক্ষতিগ্রস্ত হলেও মানুষের কোনো ক্ষতি হয়নি। সড়কে আড়াআড়িভাবে গাছটি পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে খুব দ্রুততম সময়ে গাছটি কেটে নিরাপদ স্থানে সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
বাংলা৭১নিউজ/এসএএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025