রাজধানীর মোহাম্মদপুরে বন্ধুর মোবাইল ছিনতাইয়ে বাধা দেওয়ায় সোহান নামে এক স্কুলশিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত শিক্ষার্থী তুরাগ ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণির ছাত্র।
রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নবীনগর হাউজিং এর ২ নাম্বার রোডে এ ঘটনা ঘটে।
আহত সোহানের বাবা জামাল হোসেন বলেন, ‘রাত নয়টার দিকে দুই বন্ধু নবীনগর হাউজিং দিয়ে যাচ্ছিল। এ সময় কয়েকজন ছিনতাইকারী সোহানের বন্ধুর কাছ থেকে মোবাইল নিয়ে যাওয়ার জন্য টানাটানি করে। তখন আমার ছেলে বাধা দেয়। কিন্তু তার বন্ধু ভয়ে মোবাইল ফেলে দৌড় দেয়। ওই সময় আমার ছেলেকে ছিনতাইকারীরা দুই হাঁটুর নিচে কুপিয়ে জখম করে। যারা আমার ছেলেকে কুপিয়েছে, তারা ঢাকা উদ্যানের ছিনতাইকারী শাহিনের লোকজন। আমার ছেলে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত কিশোরকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছিনতাইকারীরা তাকে কুপিয়ে জখম করেছে বলে তার পরিবার জানিয়েছে। আমরা বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে জানিয়েছি।
বাংলা৭১নিউজ/জেএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025