সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য বাদশা শেখকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুলি। পাশাপাশি বনের গহীনে দস্যুদের গড়া একটি আস্তানাও পুড়িয়ে দেওয়া হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শ্যালা নদীসংলগ্ন মূর্তির খাল ও তৈয়বের খাল এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে কোস্ট গার্ড ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকারীরা তল্লাশি চালিয়ে ৪টি একনালা বন্দুক, ১টি ওয়ান শুটার গান, ১৭ রাউন্ড তাজা গুলি ও ১০ রাউন্ড ফাঁকা গুলি উদ্ধার করে। এ সময় সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য বাদশা শেখ (২৫) কে আটক করা হয়। তিনি বাগেরহাটের রামপাল উপজেলার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতিতে অংশ নেওয়া এবং ডাকাত দলের কাছে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন।
জব্দকৃত আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোস্ট গার্ড সদস্যরা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকার সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র পুনরায় সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা করে। তবে সুন্দরবনকে দস্যুমুক্ত করার দৃঢ় সংকল্প নিয়ে কোস্ট গার্ড ইতোমধ্যে বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে। এ অভিযানে সুন্দরবনে ডাকাত করিম শরীফ বাহিনীর ৫টি আস্তানা ধ্বংস করা হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
বাংলা৭১নিউজ/এসএম
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025