যশোরের অভয়নগরে চাঁদা না দেওয়ায় রোমান জুটমিলের মালিক মোহাম্মদ আলীর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর অভয়নগর আর্মি ক্যাম্পের সদস্যরা ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রোমান জুটমিলের মালিক মোহাম্মদ আলীর ছেলে রাকিবুল ইসলাম জানান, একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে এই হামলা চালানো হতে পারে বলে তারা ধারণা করছেন। হামলার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
মোহাম্মদ আলীর ভাতিজা মোহাম্মদ সজীব বলেন, গভীর রাতে বিকট শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। ঘর থেকে বেরিয়ে দেখি চাচা (মোহাম্মদ আলীর) বাড়ির ভেতর ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে উঠছে। চাচা স্বপরিবারে ঢাকায় থাকায় ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল থেকে জালের কাঠি, লাল টেপসহ বিস্ফোরণের আলামত উদ্ধার করে নিয়ে যায়।
অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রাত ২টার দিকে আমরা একটি বিস্ফোরণের খবর পাই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে ককটেল বিস্ফোরণের আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025