নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর এলাকায় মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে পাঁচজনকে ছুরিকাঘাতে জখম করার ঘটনা ঘটেছে। বুধবার রাত ১২টার দিকে কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক এলাকার পারটেক্স খেলার মাঠে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
আহতরা হলেন, নিরব মিয়া, মো. সুজন, কাউসার মিয়া, সোহান ও চঞ্চল। তারা সবাই কাঁচপুরের রায়েরটেক এলাকার বাসিন্দা। অভিযুক্ত আমিন মিয়া কাঁচপুর পুরান বাজার এলাকার কবির মিয়ারম বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়েরটেক এলাকার পারটেক্স খেলার মাঠ থেকে নিরব মিয়ার একটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় আমিন মিয়াকে সন্দেহ করা হয়। পরে নিরবসহ ৫-৭ জন তার কাছে মোবাইল ফেরত চেয়ে কথা বলতে যান। একপর্যায়ে আমিন মোবাইল দেওয়ার কথা বলে তাদের খেলার মাঠে নিয়ে যায়। সেখানে বাকবিতণ্ডার জেরে তিনি ধারালো অস্ত্র দিয়ে পাঁচজনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।
তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং অভিযুক্তকে গণপিটুনি দিয়ে আটক করে পুলিশের হাতে তুলে দেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় গুরুতর আহত নিরব মিয়ার খালা শিউলি বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে থানায় আটক রাখা হয়েছে। মামলা নথিভুক্ত করে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025