চট্টগ্রামের সীতাকুণ্ডে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৯ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্র সামগ্রী ও বিদেশি সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এস এ পরিবহনের একটি কাভার্ডভ্যান আটক করে এসব পণ্য উদ্ধার করা হয়।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সীতাকুণ্ড থানার ছোট কুমিরা বাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্র ও বিদেশি সিগারেট পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কোস্টগার্ড স্টেশন ভাটিয়ারী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৮ কোটি ৯২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা এবং ১ হাজার ২৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। এসময় কাভার্ড ভ্যানের চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।
জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, গত শনিবার রাতে কোস্টগার্ড এস এ পরিবহনের গাড়িটি আটক করে কুমিরায় সমুদ্র তীরবর্তী দপ্তরে নিয়ে যায়৷ পরে সেখানে রাতভর দরকষাকষি চলে। রোববার রাতে কোস্টগার্ড মালামাল উদ্ধার দেখিয়ে গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠায়৷ তবে সেখানে উল্লেখ করা হয় মুচলেকা নিয়ে এস এ পরিবহনের কাভার্ডভ্যানটি ছেড়ে দেওয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025