নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহাবুবুর রহমান (৩৫) নামের এক জামায়াত নেতা নিখোঁজ রয়েছেন বলে তার পরিবার ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিখোঁজ জামায়াত নেতার ভাগিনা সাব্বির আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মাহবুবুর রহমান আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সাংগঠনিক সম্পাদক। তিনি নারায়ণগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থীর নির্বাচনি এজেন্ট।
নিখোঁজের ভাগিনা সাব্বির বলেন, ‘দুপুর ১২টার সময় মামার সঙ্গে বাসায় ফেরার পথে কথা হয়। মামা বাড়িতে না ফেরায় আড়াইহাজার বাজারসহ আশপাশের এলাকায় খোঁজ নিয়েও খুঁজে পাওয়া যায়নি। বারবার ফোন করা হলেও কেউ ফোন ধরছেন না। তবে তার হোয়াটসঅ্যাপ থেকে ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে বার্তা দেওয়া হয়েছে। সেখানে তার কথাবার্তায় তাকে উদ্বিগ্ন মনে হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লা বলেন, ‘আমরা এখনো তার খোঁজ পাইনি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছি। আমাদের নেতা-কর্মীরাও তাকে খুঁজছে। তিনি আমার নির্বাচনি গহরদী ভোটকেন্দ্রের এজেন্ট।’
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025