ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে কোনো জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এমন ঘটনায় কারাগারের ভেতর ও বাইরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে কারা কর্তৃপক্ষের দায়িত্ব ও স্বচ্ছতা নিয়েও।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। তবে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঘটনাটির সত্যতা পেয়েছে।
ঘটনাটি জানতে বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি সত্য। কারাগারের কর্মকর্তা ভুল করে কারাগার থেকে আসামিদের মুক্তি দিয়েছে। এটি ‘ভুলমুক্তি’ (ভুল করে মুক্তি)। তবে ঘটনাটি এখন জানানো হবে না। পরে সবকিছু জানানো হবে।
কারাগার থেকে ছাড়া পাওয়া আসামিরা হলেন- মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তাদের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তারাটি গ্রামে। তারা একটি হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন। বর্তমানে তারা সবাই বাহিরে আছেন।
বিষয়টি নিয়ে ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলামের বলেন, ওই তিনজন হত্যা মামলার আসামি ছিলেন। প্রডাকশন ওয়ারেন্টকে ভুল করে জামিননামা ভেবে তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, জাকারিয়া ইমতিয়াজ আমাদের জানিয়েছে, ভুল করে অসতর্ক অবস্থায় আসামিদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে এ ঘটনার সঠিক কারণ উদ্ঘাটন করবে তদন্ত কমিটি। যে বা যে-সব কর্মকর্তা এটির সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলবে, তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025