মাদারীপুরের শিবচরে মোহাম্মদ শহীদুল ইসলাম নামে এক কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সূর্য নগর বাজার এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আন্ডারপাস থেকে মরদেহটি উদ্ধার করেন দত্তপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা।
নিহত কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম আন্তর্জাতিক গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালী জেলার মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।
জানা যায়, মাদারীপুর জেলা শিবচর উপজেলার সূর্য নগর বাজার এলাকার হাইওয়ে এক্সপ্রেসওয়ের আন্ডারপাসে হাত-পা বাঁধা অবস্থায় শহীদুল ইসলামের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে শুক্রবার সন্ধ্যায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
গত বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ঢাকা গুলশান ব্রাঞ্চে পে অর্ডার জমা দেওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন শহীদুল ইসলাম। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় ওইদিনই তার শ্বশুর আবু সালেহ উদ্দিন আহম্মেদ ডিএমপির গুলশান থাকায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তদন্ত সাপেক্ষে এ হত্যার বিচার দাবি করেছেন নিহতের স্বজনরা।
নিহতের শ্বশুর আবু সালেহ উদ্দিন আহম্মেদ বলেন, তিন দিন আগে শহীদুলের মোবাইল ফোন বন্ধ থাকায় থানায় জিডি করি আমি। তার হাত-পা বাঁধা মরদেহ পাওয়ার খবর পেয়ে দিশাহারা হয়ে পড়েছি আমরা। যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তদন্ত সাপেক্ষে তাদের বিচারের দাবি জানাই।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় সূর্যনগর বাজার এলাকার হাইওয়ে এক্সপ্রেসওয়ের আন্ডারপাস থেকে হাত-পা বাঁধা অবস্থায় একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে দত্তপাড়া ফাঁড়ি পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়, সেখানেই তার পরিবার-পরিজন এসে মরদেহটি শনাক্ত করে। বিষয়টি খতিয়ে দেখবে পুলিশ।
বাংলা৭১নিউজ/জেএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025