রাজধানীর উত্তরার ১১ নং সেক্টরের ১৮ নং সড়কের আবাসিক ভবনে আগুনের ঘটনায় এ পর্যন্ত ৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এরমধ্যে তিনজন একই পরিবারের সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে। ভবনটির দোতলার রান্নাঘরে বৈদ্যুতিক গোলোযোগ অথবা গ্যাস লিকেজ থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ বলেন, ‘আমরা এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি; তা থেকে ধারণা করা হচ্ছে ভবনটির দোতলায় থাকা একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সেটি ওই রান্নাঘরের বৈদ্যুতিক গোলযোগের কারণে হতে পারে নয়তো গ্যাস লিকেজ থেকে হতে পারে। তবে এ বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই।
দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
নিহতরা হলেন— ফজলে রাব্বি (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) ও তাদের ছোট ছেলে কাজী ফাইয়াজ রিশান (২), হারেস (৫২) ও তার ছেলে রাহাব (১৭)। এ ঘটনায় হারেসের স্ত্রী ও রাহাবের মাও মারা গেছেন, তবে তার নামসহ আরেকজন নিহতের নাম জানা যায়নি।
রফিক আহমেদ জানান, নিহতদের মধ্যে তিনজনের মরদেহ রয়েছে উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে, উত্তরায় অন্য আরেকটি হাসপাতালে দুজনের মরদেহ আর সর্বশেষ যে মৃত্যুর সংবাদ পাই সেই মরদহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হয়েছে। এই ঘটনায় সর্বমোট কতজন আহত হয়েছেন তা জানতে আমাদের বিভিন্ন টিম কাজ করছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা সেক্টর-১১ নম্বরের ১৮ নম্বর সড়ক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এমন খবরে সকাল ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দেয়। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বাংলা৭১নিউজ/এএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025