প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করে আনুষ্ঠানিক যাত্রা শুরুর দাবিতে এবার রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে অবরোধের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের ঘোষিত তিন স্থান হলো- সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়। বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে এ কর্মসূচি করবেন তারা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫’র খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়াটি প্রকাশের পর এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা ও বিতর্ক শুরু হলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে একাধিক পরামর্শ সভার আয়োজন করে।
শিক্ষার্থীদের দাবি, অংশীজনদের সঙ্গে আলোচনা শেষে প্রাপ্ত মতামতের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় খসড়াটি হালনাগাদ করেছে। সবশেষ গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে টানা অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক হয়। বৈঠকে ডিসেম্বরের মধ্যেই আনুষঙ্গিক কার্যক্রম শেষ করে জানুয়ারি মাসের প্রথম দিকে অধ্যাদেশ জারির বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। ওই সভায়ই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন হালনাগাদকৃত খসড়ার অনুমোদন দেওয়া হোক এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হোক- শিক্ষার্থীরা এমনটিই প্রত্যাশা করে।
‘এ অবস্থায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির এক দফা দাবিতে বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর তিনটি স্থানে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকবে’ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাংলা৭১নিউজ/এসএকে
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025