সারাদেশের মতো এলপিজি গ্যাস সংকটের প্রভাব পড়েছে পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও। এতে শহরের একমাত্র গণপরিবহন সিএনজি চালিত অটোরিকশা চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অটোরিকশা সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল থেকে শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, সিএনজি অটোরিকশার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে দীর্ঘ সময় অপেক্ষা করেও যানবাহন না পেয়ে বিপাকে পড়ছেন যাত্রীরা। বিশেষ করে স্কুলফেরত শিক্ষার্থীদের নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন অভিভাবকরা।
গ্যাস সংকটের কারণে শহরের তিনটি এলপিজি গ্যাস পাম্পই সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে গ্যাসের আশায় পাম্পগুলোর সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অসংখ্য সিএনজি অটোরিকশাকে। চালকরা জানান, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তারা গ্যাস পাচ্ছেন না।
এ অবস্থায় সড়কে অটোরিকশা চলাচল সীমিত হয়ে পড়েছে, ব্যাহত হচ্ছে শহরের স্বাভাবিক জীবনযাত্রা। যাত্রীদের অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষার পরও গাড়ির দেখা মিলছে না। আবার গাড়ি এলেও অনেক ক্ষেত্রে স্বল্প দূরত্বের যাত্রীদের উঠতে দেওয়া হচ্ছে না। কোথাও কোথাও অতিরিক্ত ভাড়াও দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
তবে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অটোরিকশা চালকরা। তাদের দাবি, গ্যাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে দিনের অর্ধেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। এতে আয় কমে গেলেও যাত্রীর চাপ বেড়েছে।
রাঙ্গামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন জানায়, গ্যাস সংকটের কারণে ইতোমধ্যে প্রায় পাঁচ শতাধিক অটোরিকশা চলাচল বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে বিকেলের মধ্যে বর্তমানে চলাচলরত অটোরিকশাগুলোও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে গ্যাস পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, ডিপো থেকে প্রয়োজনীয় এলপিজি গ্যাস সরবরাহ না পাওয়ায় এই সংকট সৃষ্টি হয়েছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তারা।
বাংলা৭১নিউজ/জেএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025