বাসায় ফিরেছেন লাইফ সাপোর্টে থাকা অভিনেতা তিনু করিম। চল্লিশ দিন হাসপাতালে কাটিয়ে গত শনিবার ফিরেছেন তিনি। সংবাদমাধ্যমকে খবরটি জানিয়েছেন অভিনেতার স্ত্রী হুমায়রা নওশিন।
তিনি বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমরা গত পরশু বাসায় ফিরেছি। উনি এখন আগের চেয়ে ভালো আছেন। তবে নিয়মিত হাসপাতালে আসা-যাওয়া করতে হবে। ফিজিওথেরাপি দিতে হচ্ছে প্রতিদিন, শরীরও অনেক দুর্বল। সবাই দোয়া রাখবেন।’
এদিকে তিনু চিকিৎসায় মোটা অর্থ ব্যয় হয়েছে। ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘অ্যাক্টরস ইকুইটি’ অভিনেতার চিকিৎসায় এক লাখ টাকা এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় পাঁচ লাখ টাকার সহায়তা দিয়েছে। বাকি অর্থ জোগাড় করতে গিয়ে সংকটে পড়েছে পরিবার।
গত ৮ নভেম্বর বরিশালে গ্রামের বাড়িতে গিয়েছিলেন অভিনেতা। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকলে ২৪ নভেম্বর ঢাকায় আনা হয়। এরপর ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তবে দুই দিন আগে শরীরের অবস্থা একটু ভালো হলে তাঁকে কেবিনে দেওয়া হয়। কিন্তু গতকাল রক্তচাপ ও সুগার লেভেল কমে জ্ঞান হারান অভিনেতা। এরপর প্রথমে আইসিইউ, এরপর ৩ ডিসেম্বর বিকেলে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাঁকে।
দুই যুগ ধরে অভিনয়ে আছেন তিনু করিম। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটক দিয়ে তাঁর টিভি নাটকে অভিষেক। আর ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান তিনি। এরপর ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন এই অভিনেতা। একটি মুঠোফোন অপারেটরের বিজ্ঞাপন দিয়ে তিনি পরিচিতি পান।
বাংলা৭১নিউজ/জেএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025